নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে ৫ পুলিশসহ নিহত ৭
সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটির সহিংসতাপূর্ণ ইমো রাজ্যে পুলিশ স্টেশন, সরকারি ও নির্বাচনী দপ্তরগুলোতে হামলা চালিয়েছে।
নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে এক হামলা চলাকালে বন্দুকধারীরা পাঁচ পুলিশ কর্মকর্তা ও দুই বেসামরিককে গুলি করে হত্যা করেছে।
শুক্রবার দেশটির সহিংসতাপূর্ণ ইমো রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলো রাজ্যটিতে পুলিশ স্টেশন, সরকারি ও নির্বাচনী দপ্তরগুলোতে হামলা চালিয়েছে; এ ধরনের সহিংসতার জন্য দেশটির সরকার প্রায়ই নিষিদ্ধঘোষিত ইনডিজেনাস পিপল অব বিয়াফ্রা (আপিওবি) গোষ্ঠীকে দায় দিয়ে থাকে। আইপিওবি এসব অভিযোগ অস্বীকার করেছে।
ইমো রাজ্য পুলিশের মুখপাত্র হেনরি ওকোয়ে ওই পুলিশ কর্মকর্তা ও বেসামরিকদের নিহত হওয়ার কথা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় ব্যাপক নিরাপত্তাহীনতা বিরাজমান। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে প্রায়ই প্রাণঘাতী বন্দুক হামলা ও অপহরণের মতো ঘটনা ঘটে, উত্তরপূর্বাঞ্চলে ইসলামপন্থিদের বিদ্রোহ চরম আকার ধারণ করেছে এবং দক্ষিণপূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও অপরাধী দলগুলোর সহিংসতা বিরাজমান।
দক্ষিণপূবাঞ্চলীয় নাইজেরিয়ায় আইপিওবির মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এই অঞ্চলটিতে ইগবো নৃগোষ্ঠীর বসবাস। অঞ্চলটি ১৯৬৭ সালে ‘রিপাবলিক অব বিয়াফ্রা’ নাম নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্ঠা করেছিল, এতে শুরু হওয়া গৃহযুদ্ধ তিন বছর ধরে স্থায়ী হয় এবং ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়; এদের অধিকাংশেরই মৃত্যু হয় অনাহারে।
