২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার হুমকির মুখে এক শহরের ৫০ হাজার বাসিন্দাকে সরালো মরক্কো

সাত বছর ধরে খড়ায় ভোগার পর মরক্কোয় ভারি বৃষ্টি শুরু হয়েছে। এতে খরার অবসান হলেও বন্যার সমস্যা দেখা দিচ্ছে।

বন্যার হুমকির মুখে এক শহরের ৫০ হাজার বাসিন্দাকে সরালো মরক্কো
ট্রাকযোগে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: হেসপ্রেস

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 10:48 AM

Updated : 26 Aug 2026, 02:51 PM

মরক্কোয় কয়েক সপ্তাহ ধরে ভারি বৃষ্টির পর বন্যায় ডুবে যাওয়ার হুমকির মুখে থাকা উত্তরপশ্চিমাঞ্চলীয় ঐতিহাসিক শহর কাসার এল-কেবির থেকে ৫০ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। 

এ সংখ্যা শহরটির মোট বাসিন্দার প্রায় অর্ধেক বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে জানিয়েছে রয়টার্স। 

সোমবার শহরটির বাসিন্দা হিশাম আজতু ফোনে রয়টার্সকে বলেন, “নগরীটি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। শহরের সব মার্কেট ও দোকানপাট বন্ধ। অধিকাংশ বাসিন্দা নিজেরাই চলে গেছে অথবা সরিয়ে নেওয়া হয়েছে।” 

শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া লুক্কোস নদীর পানি বৃদ্ধি পেয়ে বেশ কয়েকটি এলাকায় প্রবেশ করেছে। নদীর পানি বাড়তে থাকায় কর্তৃপক্ষ শহরে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু শহর থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। 

শহরের অনেক অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। স্কুলগুলো শনিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী শিবির গড়ে তুলেছে।  

কর্তৃপক্ষ জানিয়েছে, অতিবৃষ্টির কারণে শহরের নিকটবর্তী উয়েদ মাখাজিন বাঁধ পূর্ণ ধারণ ক্ষমতায় পৌঁছে গেছে, ফলে অতিরিক্ত পানি ছেড়ে দিতে হচ্ছে। বাঁধ থেকে ছেড়ে দেওয়া এই পানিও বন্যায় ভূমিকা রাখছে। 

নগরীটির অধিকাংশ বাসিন্দাকেই সরিয়ে নেওয়া হয়েছ। ছবি: হেসপ্রেস

নগরীটির অধিকাংশ বাসিন্দাকেই সরিয়ে নেওয়া হয়েছ

কাসার এল-কেবির শহরটি রাজধানী রাবাত থেকে প্রায় ১৯০ কিলোমিটার উত্তরে। শহরটির বাসিন্দা আজতু জানান, তিনি গত সপ্তাহেই তার পরিবারকে ট্যানজিয়ার শহরে রেখে এসেছেন। স্বেচ্ছাসেবক হিসেবে ত্রাণ কার্যক্রমে অংশ নিতে তিনি আবার ফিরে এসেছেন। 

তিনি বলেন, “যা নিয়ে আমরা উদ্বিগ্ন তা হল এরপরে কী হবে। বাঁধ কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে আর কতোদিন এ পরিস্থিতি চলবে আমরা জানি না।” 

মরক্কোর সেনাবাহিনী শহরটিতে উদ্ধারকারী ইউনিট, চিকিৎসা কর্মী, ট্রাক ও অন্যান্য সরঞ্জাম মোতায়েন করেছে। তারা লোকজনকে সরিয়ে নিতে ও উদ্ধার অভিযান চালাতে সবরকম সমর্থন দিচ্ছে। শহরটি থেকে বাসে করে লোকজনকে সরিয়ে নিচ্ছে। 

রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আল-উলা নিকটবর্তী প্রদেশ উয়াজ্জানের ওয়াদ ওয়ারগা থেকে হেলিকপ্টারে করে চারজনকে উদ্ধারের একটি ঘটনা দেখিয়েছে। ওই ব্যক্তিরা বাড়তে থাকা পানিতে আটকা পড়েছিলেন।

আরও দক্ষিণে সেবু নদীর পানি বাড়তে থাকায় কর্তৃপক্ষ সিদি কাসেম অঞ্চলের কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। 

টানা সাত বছর ধরে তীব্র খড়ায় ভোগার পর মরক্কোয় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির মধ্য দিয়ে খরার অবসান হলেও এখন বন্যা এবং বাঁধ ও জলাধারগুলো উপচে পড়ায় নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।