যেভাবে ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে আরও শক্তিশালী করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
ইরানে চলমান যুদ্ধ শাহাদাত ও ত্যাগের ধর্মতাত্ত্বিক আদর্শকে আরও শক্তিশালী করছে, যা ইসলামি প্রজাতন্ত্রটির অভ্যন্তরীন সংহতি বজায় রাখতে সহায়ক হচ্ছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধকে সাধারণত কৌশলগত পরিভাষায় বর্ণনা করা হয়- প্রতিরোধ, উত্তেজনা বৃদ্ধি, সামরিক চাপ, ক্ষেপণাস্ত্র সক্ষমতা, পারমাণবিক ঝুঁকি হিসাবে। প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ হলেও, এর মাধ্যমে সম্পূর্ণ চিত্র উঠে আসে না।
ইরান কীভাবে এই যুদ্ধে লড়াই করা এবং টিকে থাকতে পারে, তা বুঝতে হলে আমাদেরকে সামরিক হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে সেই নৈতিক জগতের দিকে তাকাতে হবে, যার মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্র ক্ষমতা, ক্ষয়ক্ষতি এবং সর্বোপরি সহনশীলতাকে বুঝে থাকে।
এটি কেবল একটি আক্রান্ত রাষ্ট্র নয়, বরং এমন এক রাষ্ট্র যার আদর্শিক ভিত্তি দীর্ঘকাল ধরে শাহাদাত, ত্যাগ এবং পবিত্র প্রতিরোধের শিয়া রাজনৈতিক ধর্মতত্ত্ব দিয়ে গঠিত হয়েছে। বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে লড়া হয় না, বরং আখ্যান এবং মূল্যবোধ দিয়েও হয়, যা নিজেই রাজনৈতিক শক্তি হিসাবে কাজ করতে পারে।
রমজান মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকে, বোমা বর্ষণ চলতে থাকার মধ্যেও কট্টরপন্থিরা রাতের পর রাত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শোকসভা পালন করেছে।
ইসলামি প্রজাতন্ত্রের অনুগতদের মধ্যে, বিশেষ করে আধাসামরিক বাহিনী বাসিজের ভেতরে এমন মানুষও আছে যারা তাদের দৃষ্টিতে ঐশ্বরিকভাবে পরিচালিত এক আলেমের শাসনের জন্য শহীদ হতেও প্রস্তুত।
এর মানে এই নয় যে, ইসলামি প্রজাতন্ত্র একেবারে অভেদ্য, বরং বিষয়টি আরও জটিল ও সমস্যাশঙ্কুল। বাইরের হামলা ইরানকে হয়ত বেশি দুর্বল করতে পারবে না, যতটা এর শত্রুরা আশা করে।
এর বদলে এটি সেই প্রতীকী ও নৈতিক বিচার-বিবেচনাকে ফের জাগিয়ে তুলতে পারে, যার মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্র ইরান কয়েক দশক ধরে নিজেকে টিকিয়ে রেখেছে এবং ঘরে-বাইরে নিজেদের দমন-পীড়নকে বৈধতা দিয়ে আসছে।
ইরানিদের শাহাদাতের গুরুত্ব ও ঐতিহাসিক প্রেক্ষাপট:
ইসলামি প্রজাতন্ত্রেইরান কখনও কেবল একটি আমলাতান্ত্রিক দেশ ছিল না। শুরু থেকেই দেশটি নিজেদের একটি নৈতিক প্রকল্প হিসেবে উপস্থাপন করেছে, যা তাদের সার্বভৌমত্বকে পবিত্র ইতিহাসের সঙ্গে একীভূত করেছিল।
সেই ইতিহাসের কেন্দ্রীয় আবেগিক ও প্রতীকী আধার আছে শিয়াদের স্মৃতিতে, বিশেষ করে ৬৮০ সালের কারবালার যুদ্ধে- যেখানে একটি উমাইয়া বাহিনীর হাতে নবী মুহাম্মদ (সাঃ) এর নাতি হুসেইন (রা) এবং তার ছোট অনুসারী দল হত্যার শিকার হয়েছিল।
শিয়া ঐতিহ্যে এই ঐতিহাসিক ঘটনা অন্যায্য ক্ষমতারোহণ, নির্দোষের ভোগান্তি, ন্যায়সংগত প্রতিরোধ ও পরিত্রাণমূলক আত্মত্যাগের প্রতীক হয়ে উঠেছে। এটি বিশ্বাসীদের মনে করিয়ে দেয় যে, নিপীড়ন মানেই পরাজয় নয়, দুর্ভোগ মানে সত্যের পক্ষে দাঁড়ানোর প্রতীক হতে পারে এবং মৃত্যু এক ধরনের সাক্ষী হয়ে উঠতে পারে।
এ কারণেই ইসলামি প্রজাতন্ত্রের আত্মোপলব্ধিতে শাহীদ হওয়া কোনও গৌণ বিষয় নয়, বরং এটি তাদের কেন্দ্রীয় কাঠামোগত মূল্যবোধ।
বছরের পর বছর ধরে ইরানের শাসকগোষ্ঠী নিজেদের ন্যায়ের পক্ষে থাকার কারণে ভুক্তভোগী হওয়া এবং সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, অবমাননা ও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে পবিত্র সংগ্রামের রক্ষক হিসেবে নিজেদের উপস্থাপন করে বৈধতা অর্জন করে আসছে।
আত্মত্যাগের পবিত্রকরণের উপর আংশিকভাবে প্রতিষ্ঠিত রাজনৈতিক-ধর্মতাত্ত্বিক ব্যবস্থা কোনও আক্রমণকে এর নিজস্ব নৈতিক জগতের মধ্যে খাপ খাইয়ে নিতে পারে।
বাইরে থেকে যা ধ্বংসলীলা বলে মনে হয়, তা ভেতর থেকে সাক্ষী, সহনশীলতা এবং বিশ্বস্ততা হিসেবে বর্ণিত হতে পারে, এবং সেক্ষেত্রে খোদ মৃত্যুও রাজনৈতিকভাবে ফলপ্রসূ হয়ে ওঠে।
ইরানের যুদ্ধকৌশল:
এটি কোনও জল্পনা নয়। বর্তমান যুদ্ধে ইরান ক্রমশই টিকে থাকা, যুদ্ধ দীর্ঘ করা, শত্রুদের চেয়ে বেশিদিন টিকে থাকা, আঘাত সহ্য করে টিকে থাকা, জ্বালানি প্রবাহ ব্যাহত করার কৌশল নিয়েছে।
ইরানের নিজের রাজনৈতিক মনোবল ভেঙে পড়ার আগেই যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের রাজনৈতিক সংকল্প ভেঙে দেওয়ার বাজিও ধরছে তেহরান। যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবং বোমাবর্ষণ চলার মধ্যেও ইরানে অভ্যন্তরীন পতনের কোনও দৃশ্যমান লক্ষণ দেখা যায়নি।
তাছাড়া, আট বছরব্যাপী ইরান-ইরাক যুদ্ধের স্মৃতি ইসলামি প্রজাতন্ত্রটিকে দীর্ঘস্থায়ী বাহ্যিক চাপ মোকাবেলার অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি সহনশীলতা ও ত্যাগের এক অটুট সংস্কৃতিও রেখে গেছে, যদিও ইরানিদেরকে এর জন্য চড়া মানবিক মূল্য চুকাতে হয়েছে।
ধর্মতত্ত্ব ছাড়াও যেভাবে সংহতি তৈরি হয়:
সব সংহতি অবশ্যই ধর্মতাত্ত্বিক নয়। অনেক ইরানি যারা ইসলামি প্রজাতন্ত্রকে তুচ্ছতাচ্ছিল্য করে, তারা হয়ত এখনও বিদেশি আক্রমণ থেকে পিছু হটতে পারেন। এটি প্রজাতন্ত্রের প্রতি আনুগত্যের কারণে নয়, বরং জাতীয়তাবাদ, ভয়, শোক বা সম্মিলিত শাস্তির আতঙ্কের কারণে।
কিন্তু মূল বিষয় ঠিক এটাই। বাইরের চাপিয়ে দেওয়া সহিংসতা দেশের ভেতরের নৈতিক সীমারেখাকে অস্পষ্ট করে তুলতে পারে। এটি জনপরিসরকে সংকুচিত করতে পারে, অবরোধের মানসিকতা তীব্র করতে পারে এবং রাষ্ট্রকে নিপীড়কের ভূমিকা আড়াল করে ফের জাতির রক্ষক হিসেবে নিজেকে উপস্থাপনের সুযোগ করে দিতে পারে।
অভ্যন্তরীন ক্ষোভ বাহ্যিক হুমকিতে রূপান্তরিত হলে ইসলামি প্রজাতন্ত্র প্রায়ই লাভবান হয়। শান্তিকালে এর ব্যর্থতাগুলো সামনে চলে আসে। যেমন: দুর্নীতি, দমনপীড়ন, অর্থনৈতিক পতন ও জবরদস্তিমূলক শাসন।
যুদ্ধকালে বিশেষত বিদেশি, বেআইনি আগ্রাসনের মুখে, এটি তার পুরোনো ভাবমূর্তি ফিরে পেতে পারে। অযোগ্য স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে নয়, বরং প্রতিরোধের জন্য সংগ্রাম করে যাওয়া এক রক্ষক হিসেবে।
তার মানে এই নয় যে, ইসলামি প্রজাতন্ত্রের ধর্মতত্ত্ব সর্বজনীনভাবে প্রত্যয় জাগাতে পারে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে আভাস পাওয়া যায় যে, ইরানের ভবিষ্যৎ নেতৃবৃন্দকে ক্রমেই কমতে থাকা অনুগত গোষ্ঠী এবং বৈধতা নিয়ে দীর্ঘমেয়াদে গুরুতর প্রশ্নের মুখে পড়তে হবে।
অনেক ইরানি দীর্ঘকাল আগেই রাষ্ট্রের পবিত্র বয়ানের ওপর বিশ্বাস হারিয়েছেন। তবে রাজনৈতিক ধর্মতত্ত্ব কার্যকর হওয়ার জন্য সর্বজনীন বিশ্বাসের প্রয়োজন হয় না। ভোগান্তিকে সংহতিতে রূপান্তর করার জন্য এর প্রয়োজন পর্যাপ্তসংখ্যক বিশ্বাসী, পর্যাপ্ত প্রতিষ্ঠান, পর্যাপ্ত আচার-অনুষ্ঠান, পর্যাপ্ত ভয় এবং পর্যাপ্ত যুদ্ধ।
বহু ইরানি অনেক আগেই রাষ্ট্রের পবিত্র আখ্যানে বিশ্বাস করা ছেড়ে দিয়েছে। কিন্তু রাজনৈতিক ধর্মতত্ত্ব কার্যকর হতে গেলে সর্বজনীন বিশ্বাসের প্রয়োজন হয় না। দুর্ভোগকে সংহতিতে রূপান্তর করতে প্রয়োজন যথেষ্ট সংখ্যক বিশ্বাসী, যথেষ্ট প্রতিষ্ঠান, আচার-অনুষ্ঠান, যথেষ্ট ভয় এবং যুদ্ধ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভুল হিসাব:
এ বিষয়টিই চলমান যুদ্ধকে নৈতিক ও রাজনৈতিকভাবে বিপজ্জনক করে তুলেছে। প্রবল শক্তি প্রয়োগ করলেই ইসলামি প্রজাতন্ত্র অর্থহীন হয়ে পড়বে বলে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করে, তাহলে তারা হয়ত সেই ‘রাজনৈতিক-ধর্মতাত্ত্বিক’ ধারার ব্যবস্থাকে বুঝতে মারাত্মক ভুল করছে, যার বিরুদ্ধে তারা লড়ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাগাড়ম্বর কাজে আসেনি। ইরানকে ‘নিঃশর্তে আত্মসমর্পণ’ করা নিয়ে তার দাবি যুদ্ধকে সীমিত কৌশলগত উদ্দেশ্য থেকে সরিয়ে অপমান ও চূড়ান্ত পরাজয়ের দিকে ঠেলে দিয়েছে।
এটি কেবল পরিস্থিতিকে আরও জটিলই করেনি বরং ইরানকে ঠিক সেই ধরনের বহিরাগত শত্রু এনে দিয়েছে, যাকে নিজেদের আখ্যানে কীভাবে বয়ান করতে হয় তা তারা জানে।
একটি ধর্মনিরপেক্ষ কৌশলগত চিন্তাধারায়, সহিংসতা বা হামলা কোনও শক্তির সক্ষমতা ধ্বংস করে তাকে দুর্বল করে দেয়। কিন্তু রাজনৈতিক-ধর্মতাত্ত্বিক চিন্তাধারায়, সহিংসতা পবিত্র উদ্দেশ্যকে সুনিশ্চিত করার মাধ্যমে তা আরও শক্তিশালী করতে পারে।
একটি আদর্শিক রাষ্ট্র, যারা নিজেদেরকে পবিত্র প্রতিরোধের দৃষ্টিতে দেখে; তারা হয়ত তাদের কমান্ডার, অবকাঠামো বা ভূখণ্ড হারাতে পারে। কিন্তু এর বিনিময়ে প্রতীকীভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্জন করে। আর তা হল: ‘শাহাদাতের’ ভাষায় নতুন করে ফিরে আসা।
আদর্শিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যুদ্ধের এটিই এক অন্যতম মর্মান্তিকতা। বাইরে থেকে তাদের ওপর যত বেশি হামলা করা হয়, ভেতর থেকে তাদেরকে টিকিয়ে রাখা পৌরাণিক সব কাহিনী পুনরুদ্ধার করা তাদের জন্য ততটাই সহজ হয়।
তবে এর কোনোটিই ইসলামি প্রজাতন্ত্রের নৃশংসতাকে অস্বীকার করা বা এর আত্মত্যাগের ধর্মতত্ত্বকে মহিমান্বিত করার জন্য নয়। এই ধর্মতত্ত্বকে প্রায়শই নির্মম উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে- যেখানে বিশ্বাসের ভাষায় মৃত্যুকে পবিত্র উল্লেখ করে মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়েছে।
কিন্তু নৈতিক সমালোচনার জন্য স্বচ্ছতা দরকার। কীভাবে ইসলামি প্রজাতন্ত্র টিকে আছে সেটি বুঝতে চাইলে আমাদের দেখতে হবে যে, তাদের মানিয়ে চলার সক্ষমতা কেবল সামরিক বা প্রাতিষ্ঠানিক নয়, বরং প্রতীকীও। আঘাতকে নৈতিক কর্তৃত্বে রূপান্তর করার সক্ষমতার মধ্যেই এর সার্থকতা খুঁজে পাওয়া যায়।
এ কারণেই ধর্মীয় পরিসরটি গুরুত্বপূর্ণ। এটি এ জন্য নয় যে, এই যুদ্ধ কেবল ধর্ম কেন্দ্রিক, বরং ধর্ম এখানে দুর্ভোগকে রাজনৈতিক রূপ দিতে সহায়ক হয়েছে।
ইসলামি প্রজাতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন তারা পাল্টা আঘাত হানতে পারে। একইভাবে ইসলামি প্রজাতন্ত্র তখনই সমান শক্তিশালী, যখন তারা যথেষ্ট সংখ্যক মানুষকে বোঝাতে পারে যে, আক্রমণ সহ্য করাও এক ধরনের বিজয়।
সুতরাং, ইরানে হামলা এক বিষ্ময়কর বৈপরীত্য সৃষ্টি করতে পারে। এটি হয়ত দেশটির বস্তুগত ভিত্তিকে দুর্বল করতে পারে। কিন্তু অন্যদিকে, সেই পবিত্র আখ্যানকেও আরও পোক্ত করবে, যার ওপর ভিত্তি করে দেশটি আজও টিকে আছে।
