হাতকড়া নয়, আঙুলের ছাপেই গ্রেপ্তার ধরা হবে ট্রাম্পকে?
আদালতে ট্রাম্পকে নথিভুক্ত করার প্রক্রিয়ায় একবার তার আঙুলের ছাপ নেওয়া হয়ে গেলে এর অর্থ দাঁড়াবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি কাস্টডিতে রয়েছেন।
সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখবন্ধ রাখতে অর্থ দেওয়ার ঘটনায় অভিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন।
হাতকড়া পরে গ্রেপ্তার হওয়া এড়াতেই ট্রাম্প নিউ ইয়র্কে ম্যানহ্যাটনের আদালতে গিয়ে আত্মসমর্পণ করছেন। সেই প্রক্রিয়া সম্পন্ন করতে আর কিছুক্ষণের মধ্যেই আদালতে পৌঁছাবেন তিনি।
প্রথমেই ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্রাগের কাছে তার আত্মসমর্পণ করার কথা রয়েছে। সেখান থেকে ট্রাম্পকে তদন্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।
সেখানে তার হাতের আঙুলের ছাপ নেওয়া হতে পারে। ট্রাম্পের ক্ষেত্রে এমনটি করা হলে হাতকড়া না পরলেও তিনি গ্রেপ্তার হবেন বা তাকে গ্রেপ্তার ধরা হবে।
বিবিসির ওয়াশিংটন সংবাদদাতারা বলছেন, আত্মসমর্পণের পর ট্রাম্পকে আদালতে নথিভুক্ত করার প্রক্রিয়ায় তার আঙুলের ছাপ নেওয়াসহ কিছু দলিলপত্র পূরণের পর তদন্তকারীরা যাচাই করে দেখবেন তার বিরুদ্ধে চলমান কোন ফৌজদারি অভিযোগ কিংবা নিষ্পত্তি না হওয়া কোনও গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা।
এই প্রক্রিয়ায় একবার ট্রাম্পের আঙুলের ছাপ নেওয়া হয়ে গেলে এবং কর্মকর্তারা পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করলে এর অর্থ দাঁড়াবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি কাস্টডিতে রয়েছেন।
অপরাধীকে লোকজনের সামনে দিয়ে সাধারনত আদালতকক্ষে হাঁটিয়ে নিয়ে যান আইনপ্রয়োগকারী কর্মকর্তারা। যাতে দর্শণার্থী এবং গণমাধ্যম গ্রেপ্তারের পুরোটাই দেখতে পারে।
তবে ট্রাম্পকে এভাবে আদালতকক্ষে নেওয়া হবে নাকি সংরক্ষিত প্রবেশদ্বার দিয়ে নিয়ে যাওয়া হবে সেটি জানা যায়নি।
একবার ভেতরে প্রবেশ করার পর কর্মকর্তারা ট্রাম্পের আঙুলের ছাপ সংগ্রহ করার কথা রয়েছে। তবে সাবেক প্রেসিডেন্টকে ‘মুখচ্ছবি’ তুলতে হবে কিনা তা নিয়ে সংশয় আছে।
