২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে অস্ট্রেলিয়ার সিনেটে বিল পাস

সিনেটে বিলটির পক্ষে পড়ে ৩৪ এবং বিপক্ষে পড়ে ১৯ ভোট। এর আগে বুধবার ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’-এ বিলটি অনুমোদন পেয়েছিল।

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে অস্ট্রেলিয়ার সিনেটে বিল পাস
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2024, 10:29 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

১৬ বছরের কমবয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করতে বিল পাস হয়েছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে। এর মাধ্যমে বিলটি আইনে পরিণত করার পথে আরও এগুলো দেশটি। বাস্তবায়ন হলে এটি হবে বিশ্বের সবচেয়ে কঠোর আইন।

বৃহস্পতিবার সিনেটে বিলটির পক্ষে পড়ে ৩৪ এবং বিপক্ষে পড়ে ১৯ ভোট। এর আগে বুধবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’-এ বিলটি অনুমোদন পেয়েছিল। বিলের পক্ষে পড়ে ১০২ এবং বিপক্ষে পড়ে ১৩ ভোট।

এবার সিনেটেও বিলটি অনুমোদন পাওয়ার পর আবার তা হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ফিরে যাবে। সেখানে কিছু সংশোধনীর পর বিলটি আইনে পরিণত হবে। নিম্নকক্ষে সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সেখানে এই সংশোধনী সহজেই অনুমোদন পাবে- সেটি একরকম নিশ্চিত।

তবে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে অন্তত ১ বছর সময় লাগবে বলে জানিয়েছে বিবিসি। নতুন আইনে নিষেধাজ্ঞা মানতে ব্যর্থ হলে টিকটক, ফেইসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স এর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বিশাল অঙ্কের আর্থিক জরিমানা গুনতে হতে পারে। এই জরিমানা হতে পারে ৫ কোটি অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত।

কোন কোন প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হবে তা এই বিলে উল্লেখ করা হয়নি। এ সিদ্ধান্তগুলো পরে অস্ট্রেলিয়ার যোগাযোগ মন্ত্রী নেবেন। তিনি ইসেফটি কমিশনারের কাছ থেকে পরামর্শ চাইবেন এবং পরবর্তীতে একটি ইন্টারনেট নিয়ন্ত্রক নিয়মগুলো প্রয়োগ করবে।