ভারতে রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব
পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় ধনখড়ের সঙ্গে বিরোধীদের সংঘাত বাড়ার জেরে কংগ্রেসের নেতৃত্বে ‘ইন্ডিয়া’ জোট সরাসরি এই প্রস্তাব এনেছে। ভারতের ইতিহাসে এমন উদ্যোগ এটিই প্রথম।
ভারতের উপ-রাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধী পার্লামেন্ট সদস্যরা। মঙ্গলবার আনা এই প্রস্তাব ভারতের পার্লামেন্টের ইতিহাসে এটিই প্রথম।
ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, এই অনাস্থা প্রস্তাবের পক্ষে সই করেছেন রাজ্যসভার ৫০ জনের বেশি এমপি। পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় চেয়ারম্যান ধনখড়ের সঙ্গে বিরোধীদের সংঘাত বাড়তে থাকার জেরে কংগ্রেস পার্টির নেতৃত্বে বিরোধী ইন্ডিয়া জোট এই অনাস্থা প্রস্তাব এনেছে ভারতীয় সংবিধানের ৬৭(বি) ধারায়।
রাজ্যসভার চেয়ারম্যানের অপসারণ চেয়ে আরও আগেই অনাস্থা প্রস্তাব আনার কথা ছিল বিরোধী শিবিরের। তবে তা আনা হয়নি। এ বার শীতকালীন অধিবেশনে সেটিই পেশ করা হল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি-সহ ইন্ডিয়া জোটের শরিক অন্যান্য বিরোধী দলগুলো এ প্রস্তাব সমর্থন করেছে।
‘ইন্ডিয়া’ জোটের অভিযোগ, রাজ্যসভায় শাসক শিবিরের প্রতি ‘পক্ষপাতদুষ্ট’ জগদীপ ধনখড়। বিরোধী এমপি’দের ভাষণে নজিরবিহীনভাবে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। রাজ্যসভার চেয়ারম্যান পদে থেকেও ধনখড় নিরপেক্ষ রেফারির ভূমিকা ছেড়ে শাসক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতি আনুগত্য প্রকাশ করছেন বলে বিরোধী শিবিরের এমপি’রা অভিযোগ করেছেন।
এসব কারণেই তাদের সরাসরি এ অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগ। রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে এই প্রস্তাব পেশ করার করার কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। ভারতের পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শুরু হয় ২৫ নভেম্বর ৷ প্রথম থেকেই গৌতম আদানি-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার দাবিতে উত্তাল ছিল দুই কক্ষ ৷
গত মঙ্গলবারও সংসদে হই-হট্টগোল হয়েছে। আদানি থেকে জর্জ সোরোস, বিজেপি-র সঙ্গে বচসা বাধে বিরোধী শিবিরের এমপি’দের। এর পর পার্লামেন্টের দুই কক্ষেরই অধিবেশন মুলতুবি হয়। সেই আবহেই ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ল। এমনিতে কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকদের একাধিক বিষয়ে মতানৈক্য থাকলেও ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে একমত পোষণ করেছে তারা।
কংগ্রেসের মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশ বলেন, "রাজ্যসভার সম্মানীয় চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা ছাড়া ইন্ডিয়া শিবিরের শরিক দলগুলোর আর কোনও উপায় নেই ৷ তিনি অত্যন্ত একপেশে ভাবে রাজ্যসভা পরিচালনা করছেন ৷ 'ইন্ডিয়া'র দলগুলির কাছে এটি খুবই বেদনাদায়ক ৷ সংসদীয় গণতন্ত্রের স্বার্থে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।”
রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ার মানে, তাকে পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু করা। এক্ষেত্রে অধিবেশনে উপস্থিত ৫০ শতাংশ এমপি’র সই প্রয়োজন। পাশাপাশি, ঘটনার সময় উপস্থিত আরও একজনের সই দরকার হয়। রাজ্যসভায় প্রস্তাবটি পাস হলে, লোকসভায় তোলা হবে। সেখানেও যদি প্রস্তাব পাস হয়, সেক্ষেত্রে রাজ্যসভার চেয়ারম্যানের পদ চলে যাবে। সংবিধানের ৬৭ (বি), ৯২ এূবং অনুচ্ছেদ ১০০-তে এমনটিই বলা আছে।
তবে অনাস্থা প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ নিয়ম মোতাবেক, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনতে গেলে ১৪ দিন আগে নোটিশ দিতে হয়। এক্ষেত্রে বিরোধীরা নোটিশ দিয়েছেন মাত্র ১০ দিন আগে। কারণ, ২০ ডিসেম্বর শীতকালীন অধিবেশন শেষ হচ্ছে। হাতে সময় ১৪ দিনের কম থাকায় অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা নাও হতে পারে ৷
তাছাড়া, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেও পিছিয়ে বিরোধী শিবির ৷ তাই বলা যায়, পরাজয় নিশ্চিত জেনেও জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তারা। তাদের উদ্দেশ্য- স্পষ্টি একটি রাজনৈতিক বার্তা দেওয়া। আর তা হল: রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে ধনখড় নিরপেক্ষ নন।
