নরওয়ের কাছে রুশ 'গুপ্তচর তিমি' ভালদিমিরের মৃতদেহ উদ্ধার
২০১৯ সালে রাশিয়ার সমুদ্রসীমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে নরওয়ের উত্তরে ইনগোয়া দ্বীপের কাছে এই তিমিকে প্রথম দেখা গিয়েছিল।
নরওয়ের দক্ষিণাঞ্চলীয় রিসাভিকা বে তে বেলুগা প্রজাতির একটি তিমি শনিবার মৃত অবস্থায় পাওয়া গেছে। তিমিটি রাশিয়ার প্রশিক্ষিত গুপ্তচর ছিল বলে ধারণা করা হয়।
তিমিটির গতিবিধির ওপর নজর রাখা মেরিন মাইন্ড এনজিও এ খবর জানিয়েছে।
নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে জানায়, এক বাবা ও ছেলে সমুদ্রে মাছ ধরার সময় তিমিটির মৃতদেহ পানিতে ভাসতে দেখেন।
পাঁচ বছর আগে ২০১৯ সালে রাশিয়ার সমুদ্রসীমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে নরওয়ের উত্তরে ইনগোয়া দ্বীপের কাছে ভালদিমিরকে প্রথম দেখা যায়।
এর গায়ে ইংরেজিতে লেখা ছিল ‘সেন্ট পিটার্সবার্গের যন্ত্র’ এবং একটি অ্যাকশন ক্যামেরাও লাগানো ছিল। নরওয়ের ভাষায় তিমিকে যে নামে ডাকা হয়, সেই শব্দ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামের আদ্যক্ষরের সমন্বয়ে তিমিটিকে ভালদিমির নামে ডাকা হত।
এই তিমি মানুষের সংকেতে সাড়া দিত, এবং মানুষের ব্যাপারে বেশ আগ্রহী ছিল। তাই তিমিটি গুপ্তচর বলে সন্দেহ সৃষ্টি হয়।
নরওয়ের গোয়েন্দাদের ধারণা ছিল, নরওয়েজিয়ান জলসীমায় পৌঁছানোর আগে একটি গবেষণা কর্মসূচির অংশ হিসাবে তিমিটিকে রাশিয়ায় আটকে রেখে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
তবে ভালদিমিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে মস্কো কখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।
মেরিন মাইন্ড এনজিও বছরের পর বছর ধরে তিমিটির গতিবিধি পর্যবেক্ষণ করে এসেছে।
মেরিন মাইন্ডের প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান স্ট্র্যান্ড নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে- কে বলেছেন, “তিমিটির মৃত্যুর ঘটনা ভয়ংকর। গত শুক্রবারও ভাল ছিল তিমিটি।”
তিনি আরও বলেন, “আমরা তার দেহাবশেষ উদ্ধার করতে পেরেছি এবং তাকে একটি হিমাগারে রেখেছি। তার সঙ্গে আসলে কী ঘটেছে তা খতিয়ে দেখতে হবে।
তবে তার শরীরে বড় কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি এবং কী কারণে তার মৃত্যু হয়েছে তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”
