২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক ঘাঁটিতে ঢুকে সেনাদের পক্ষে ইসরায়েলিদের বিক্ষোভ

কট্টর-ডাপন্থি বিক্ষোভকারীরা দক্ষিণ ইসরায়েলের সিডে তেমেন সামরিক ঘাঁটির ফটক ভেঙে ভেতরে ঢুকে ফিলিস্তিনি নির্যাতনে অভিযুক্ত সেনাদের আটক হওয়া ঠেকানোর চেষ্টা করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2024, 06:29 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

ফিলিস্তিনি এক বন্দিকে অমানবিক নির্যাতনের অভিযোগে ইসরায়েলের অন্তত ৯ জন সেনাকে জেরার জন্য আটক করার পর সামরিক ঘাঁটিতে ঢুকে তাদের পক্ষে বিক্ষোভ করেছে কয়েক ডজন ইসরায়েলি বিক্ষোভকারী, যাদের মধ্যে আছে ইসরায়েলের মন্ত্রিসভা নেসেটের বেশকিছুসংখ্যক কট্টর-ডানপন্থি রাজনীতিবিদও। সেনাপুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলের পতাকা হাতে বিক্ষোভকারীরা দক্ষিণ ইসরায়েলের সিডে তেমেন সামরিক ঘাঁটির ফটক ভেঙে ভেতরে ঢুকে অভিযুক্ত সেনাদের আটক হওয়া ঠেকানোর চেষ্টা করে। সেনা আটকের ঘটনাকে ‘লজ্জ্বা’ আখ্যা দিয়ে বিক্ষোভকারীরা বলেছে, তারা (সেনারা) তাদের কর্তব্য পালন করছে। 

ওই সময় কয়েকজন বেসামরিক ইসরায়েলিও সেনাদের পক্ষ সমর্থনে সেখানে সমবেত হয়। কেউ কেউ সীমানাবেড়া বেয়েও ঘাঁটিতে ঢোকার চেষ্টা করে। সেনাঘাঁটিতে থাকা কয়েকজন সেনা সামরিক পুলিশের ওপর পেপার স্প্রে ব্যবহার করেছেন বলেও ইসরায়েলের হারেৎজ পত্রিকাকে জানিয়েছেন এক সেনা।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, ফিলিস্তিনি বন্দি নির্যাতনের অভিযোগে আটক হওয়া সেনাদের যেখানে নিয়ে যাওয়া হয়েছে, সেই বেইৎ লিড সামরিক ঘাঁটিতেও বিক্ষোভকারীরা ঢুকে পড়ে বিক্ষোভের চেষ্টা করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী সোমবার বলেছে, সিডে তেমেন ঘাঁটিতে এক বন্দিকে নির্যাতনের অভিযোগ ওঠার পর তারা জিজ্ঞাসাবাদের জন্য ৯ সেনাকে আটক করে রেখেছে। গাজায় গতবছর ৭ অক্টোবরে ইসরায়েল যুদ্ধ শুরুর পর সেখানে ধরা পড়া ফিলিস্তিনিদেরকে বন্দি করে রাখতে স্থাপন করেছিল এই সামরিক ঘাঁটি।

ফিলিস্তিনি বন্দিকে কিভাবে নির্যাতন করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি গণমাধ্যমে কেবল বলা হয়েছে ওই বন্দিকে ক্ষতের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে, তিনি হাঁটতে পারছেন না।

স্থানীয় গণমাধ্যমের খবরগুলোতে বলা হচ্ছে, গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধা সন্দেহে ধরা পড়া এক বন্দিকে সিডে তেমেন ঘাঁটির অন্তত ৯ সেনা নির্যাতন করেছে।

টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েলের সামরিক অ্যাডভোকেট জেনারেল মেজর জেনারেল ইয়াফাত তোমের-ইয়েরুশালমি নির্যাতনের ঘটনাটির সামরিক পুলিশি তদন্ত শুরুর পর সেনাদেরকে আটকের নির্দেশ দেওয়া হয়।

আটক হওয়া সেনারা সিডে তেমেন সামরিক ঘাঁটির রক্ষীবাহিনী হিসাবে পরিচিত ফোর্স ১০০ ইউনিটের সদস্য বলে জানিয়েছে ইসরায়েলের হারেৎজ পত্রিকা।

ইসরায়েলের সেনাপ্রধান সোমবার এক বিবৃতিতে সামরিক ঘাঁটিতে ইসরায়েলিদের বিক্ষোভের নিন্দা জানিয়ে বলেছেন, “সামরিক ঘাঁটিতে ঢুকে পড়ে শৃঙ্খলা বিনষ্ট করা চরম পর্যায়ের আচরণ। এটি কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এক বিবৃতিতে এ বিক্ষোভের কড়া সমালোচনা করে তাদেরকে ‘অবিলম্বে শান্ত হয়ে যাওয়ার’ আহ্বান জানান।