২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে উড়োজাহাজ দুর্ঘটনায় জন্মদিনেই মৃত্যু তরুণীর

সেনাবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে ধাক্কায় ভেঙে পড়া আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের যাত্রী ছিলেন তরুণী এলিজাবেথ কিজ।

ওয়াশিংটনে উড়োজাহাজ দুর্ঘটনায় জন্মদিনেই মৃত্যু তরুণীর
ছবি: ফেইসবুক

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 07:27 PM

Updated : 26 Aug 2026, 11:42 AM

খুবই হাসিখুশি ছিলেন,মজা করতে ভালবাসতেন ৩৩ বছরের এলিজাবেথ অ্যান কিজ। পেশায় ছিলেন আইনজীবী। কাজ করতেন ওয়াশিংটন ডিসিতে। কানসাসে গিয়েছিলেন একটি কাজে। 

সেখান থেকে বুধবার ফিরছিলেন তিনি। কারণ, সেদিনই ছিল তার জন্মদিন। কিন্তু দিনটি আর পালন করা হল না। তার আগেই উড়োজাহাজ দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল কিজের।

গত বুধবার স্থানীয় সময় রাত ৯টায় সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে ধাক্কায় পোটম্যাক নদীতে ভেঙে পড়ে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। সেই উড়োজাহাজের ৬৭ জন যাত্রীর মধ্যে ছিলেন এলিজাবেথ কিজ। এখন পর্যন্ত উদ্ধার পাওয়া লাশগুলোর মধ্যে আছে তার দেহও।

কী ভাবে দুর্ঘটনা হল, কার দোষ ছিল, তা নিয়ে চলছে কাটাছেঁড়া। কিন্তু দুর্ঘটনায় সন্তানকে হারিয়ে এখন আধাঁর নেমে এসেছে কিজের পরিবারে। তার প্রেমিক ডেভিড সিডমান বিবিসি’কে বলেছেন, “জন্মদিনেই কিজের মৃত্যু হয়েছে।”

৩৩ তম জন্মদিন ছিল এলিজাবেথ কিজের। এই দিনটিতে কী কী করবেন তা কিজ পরিকল্পনা করে রেখেছিলেন আগেই। বাড়িতে ফিরে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের নিয়ে কোথায় কোথায় যাবেন সবই ঠিক করা ছিল। বাড়িতে ফোন করেও জানিয়েছিলেন, উড়োজাহাজে করে ফিরছেন তিনি। কিন্তু ফেরা যে আর হবে না কে জানত!

বস্টনের টাফট্‌স বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন কিজ। জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা শেষ করেছিলেন তিনি। কর্মক্ষেত্রেও তিনি ছিলেন সবার কাছে আদরণীয়।

কিজের মৃত্যুতে তার পরিবার এক বিবৃতিতে বলেছে, “এলিজাবেথ কিজ ছিলেন মানসিকভাবে শক্ত এবং অকুতোভয়। জীবনকে বরণ করে নিয়েছিলেন পূর্ণ কর্মচাঞ্চল্যের সঙ্গে....তিনি মানুষকেও যেমন গভীরভাবে ভালবাসতেন, তেমনি মানুষও তাকে গভীরভাবে ভালবাসত।”