২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের হামলায় কামান্ডারের মৃত্যু নিশ্চিত করল লেবাননের হিজবুল্লাহ

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে গত মঙ্গলবার হামলা চালিয়ে ইসরায়েল বলেছিল, তারা ওই এলাকার হিজবুল্লাহ ঘাঁটিতে থাকা কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইসরায়েলের হামলায় কামান্ডারের মৃত্যু নিশ্চিত করল  লেবাননের  হিজবুল্লাহ
ছবি: বিবিসি থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2024, 08:48 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় ঊর্ধ্বতন কমান্ডার ফুয়াদ শোকর নিহতের খবর নিশ্চিত করে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 

গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে হামলা চালিয়ে ইসরায়েল বলেছিল, তারা ওই এলাকার হিজবুল্লাহ ঘাঁটিতে থাকা কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বুধবার দিনশেষে  লেবাননের   ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী জানিয়েছে, ওই এলাকায় একটি ভবনের ধ্বংশাবশেষের নিচে কমান্ডার ফুয়াদ শোকরের দেহ তারা খুঁজে পেয়েছে। দুই শিশুসহ আরও চারজনও হামলায় নিহত হয়েছে।

ইসরায়েল-অধিকৃত   গোলান মালভূমিতে হামলায় ১২ শিশু-কিশোর নিহতের ঘটনায় হিজবুল্লাহর কমান্ডারকে দায়ী করেছে ইসরায়েল। তবে হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছিল, গোলানের মাজদাল শামসে ইসরায়েলি শিশু ও অন্যান্য সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় দায়ী হিজবুল্লাহ কমান্ডারকে নিশানা করেই তারা  বৈরুতে  হামলা চালিয়েছে।

লেবাননের রাষ্ট্রপরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি ওই সময় বৈরুতের হারেত রিকে হিজবুল্লাহর শুরা কাউন্সিলের আশেপাশে ইসরায়েলের হামলা হওয়ার কথা জানায়। তবে তখন তারা কমান্ডারের ভাগ্যে কী ঘটেছে তা জানাতে পারেনি।

হামলার পরপরই ফুয়াদ শোকর নিহতের দাবি করেছিল ইসরায়েল। তবে হিজবুল্লাহ প্রাথমদিকে বিষয়টি নিয়ে মুখ না খুললেও ২৪ ঘণ্টা পর তা স্বীকার করল গোষ্ঠীটি।

বিবিসি জানায়, ফুয়াদ শোকর হিজবুল্লাহ নেতা হাসান নাসারাল্লাহর গুরুত্বপূর্ণ সামরিক উপদেষ্টা ছিলেন বলেই ধারণা করা হয়। তাকে মারতে ইসরায়েল বৈরুতের দাহিয়ে শহরতলীর হারেত রিকের একটি ভবনে হামলা চালায়।

এলাকাটি খুবই জনবসতিপূর্ণ এবং সুরক্ষিতও। দাহিয়ের চারপাশে আছে তল্লাশিকেন্দ্র। সেখানে ইসরায়েলের হামলায় নিহত দুই শিশুর বয়স ১০ ও ৬। আর নিহত কমান্ডার শোকরকে বৃহস্পতিবার সমাহিত করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ।