ইউক্রেইনের ওদেসা বন্দরে রুশ হামলায় নিহত ৮
ইউক্রেইনের চোখে রাশিয়ার তেল অবকাঠামো ‘বৈধ লক্ষ্যবস্তু’; কারণ চারবছর ধরে রাশিয়া যে যুদ্ধ চালিয়ে আসছে, তাতে তেলের অর্থই মূল খরচ যোগাচ্ছে।
দক্ষিণ ইউক্রেইনের ওদেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহত হয়েছে, আহত হয়েছে ২৭ জন।
শুক্রবার গভীররাতে এ হামলা চালানো হয় বলে ইউক্রেইনের জরুরি সেবা সংস্থা জানিয়েছে।
সংস্থাটি টেলিগ্রামে লিখেছে, আহতদের মধ্যে কয়েকজন রাতের ওই হামলার কেন্দ্রস্থলে থাকা একটি বাসে ছিলেন। পার্কিং লটে থাকা ট্রাকগুলোতে আগুন ধরে যায় এবং কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
ওদেসার গভর্নর ওলেহ কিপার বলেন, বন্দরে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে।
এদিকে রাশিয়ার তেল স্থাপনায় হামলার অংশ হিসেবে কাস্পিয়ান সাগরে রাশিয়ার লুকঅয়েল মালিকানাধীন তেল রিগে এবং রিগের কাছে ‘ওখোতনিক’ নামের সামরিক টহল জাহাজে ড্রোন দিয়ে আক্রমণের কথা জানিয়েছে ইউক্রেইন।
টিআরটি ওয়ার্ল্ড লিখেছে, জাহাজটি কাস্পিয়ান সাগরে তেল ও গ্যাস উৎপাদন প্লাটফর্মে টহল দিয়ে আসছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে।
ইউক্রেইনের জেনারেল স্টাফ বলছেন, কাস্পিয়ান সাগরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ তেল উৎপাদন অবকাঠামোকে নিশানা করে হামলার অংশ শুক্রবারের আক্রমণটি। তবে এটিই প্রথম আক্রমণ যা ইউক্রেইন সামরিক বাহিনী স্বীকার করেছে।
দেশটির সামরিক বাহিনী এও বলেছে, হামলায় তেল খননের একটি ফ্লাটফর্ম ফিলানোভস্কি ধ্বংস হয়ে গেছে। চলতি মাসেই রিগটি অন্তত দুইবার হামলার শিকার হয়েছে।
ইউক্রেইনের ড্রোন ক্রিমিয়ার ক্রাসনাসেলস্কিতে একটি রাডার সিস্টেমেও আঘাত হেনেছে। ওই এলাকাটি ২০১৪ সালে অধিগ্রহণ করে রাশিয়া।
ইউক্রেইনের চোখে রাশিয়ার তেল অবকাঠামো ‘বৈধ লক্ষ্যবস্তু’; কারণ চারবছর ধরে রাশিয়া যে যুদ্ধ চালিয়ে আসছে তাতে তেলের অর্থই মূল খরচা যোগাচ্ছে।
২০২৪ এবং ২০২৫ সালজুড়ে রাশিয়ার তেল পরিশোধনাগারগুলোতে হামলা চালিয়ে আসছে ইউক্রেইন। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা হামলা আরও বিস্তৃত করেছে—কৃষ্ণ সাগর ও ভূমধ্যসাগরে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ ট্যাঙ্কারগুলোর ওপর নৌ-ড্রোন হামলার দায়ও তারা স্বীকার করেছে।
