২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের হামলার মধ্যেই লেবাননে প্রেসিডেন্ট নির্বাচনের চেষ্টায় রাজনীতিবিদরা

লেবাননে ক্ষমতার দ্বন্দ্বের কারণে ২০২২ সালের অক্টোবর থেকেই প্রেসিডেন্ট পদ খালি রয়েছে এবং মন্ত্রিসভাও পুরোপুরি কার্যকর নেই।

ইসরায়েলের হামলার মধ্যেই লেবাননে প্রেসিডেন্ট নির্বাচনের চেষ্টায় রাজনীতিবিদরা
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2024, 06:04 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

লেবাননের প্রেসিডেন্ট পদে প্রায় দুই বছরের শূন্যতা পূরণে নতুন করে চেষ্টা নিচ্ছেন কয়েকজন নেতৃস্থানীয় রাজনীতিবিদ। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতে অচল হয়ে পড়া রাষ্ট্র পুনর্গঠনে এই চেষ্টা চলছে।

লেবাননে ক্ষমতার দ্বন্দ্বের কারণে ২০২২ সালের অক্টোবর থেকেই প্রেসিডেন্ট পদ খালি রয়েছে এবং মন্ত্রিসভাও পুরোপুরি কার্যকর নেই। ক্ষমতার দ্বন্দ্বের পেছনে বড় ভূমিকা আছে হিজবুল্লাহর।

লেবাননের প্রেসিডেন্ট পদটি একজন ম্যারোনাইট খ্রিস্টানের জন্যক্তির জন্য বরাদ্দ। কিন্তু হিজবুল্লাহ ও তার মিত্ররা দাবি করে এসেছে, এ পদে তাদের পছন্দের প্রার্থী সুলেইমান ফ্র্যাংগিয়েহকে মনোনীত করা হোক।

ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি এ সপ্তা নতুন করে মনোযোগের কেন্দ্রে আসে হিজবুল্লাহ মিত্র শিয়া পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এ বিষয়ে নমনীয় হওয়ার ইঙ্গিত দেওয়ার পর। প্রধানমন্ত্রী নাজিব মিকাতিকে নাবিহ বলেছেন, তিনি এমন একজন প্রেসিডেন্ট চান, যিনি কারও জন্যই চ্যালেঞ্জিং হবেন না।

হিজবুল্লাহর এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তাদের পক্ষ থেকে প্রেসিডেন্সি নিয়ে আলোচনা করতে স্পিকার নাবিহ বেরিকে অনুরোধ করা হয়েছে।

১২৮ সদস্যের পার্লামেন্টে ভোটের মাধ্যমে লেবাননে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। কিন্তু কোনও রাজনৈতিক জোটেরই একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তারা তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারেনা। অর্থাৎ, প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সমঝোতা ছাড়া তারা কোনও প্রার্থী নির্বাচন করতে পারে না।

বুধবার নাবিহ বেরি এবং দ্রুজ নেতা ওয়ালিদ জুমব্লাতের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী মিকাতি একটি যৌথ বিবৃতি পড়ে শোনান। তাতে তিনি ঐক্যমত্যের প্রেসিডেন্ট নির্বাচনের ডাক দিয়েছেন, যে প্রেসিডেন্ট সবাইকে আশ্বস্ত করবে এবং তাদের উদ্বেগ দূর করবে।

এই বিবৃতিতে কোনও প্রার্থীর নাম নেওয়া হয়নি। 

ওদিকে, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলায় লেবাননে ১৬ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ঘরবাড়ি হারিয়েছে ১০ লাখ মানুষ।

জুমব্লাতের দলের জ্যেষ্ঠ আইনপ্রণেতা ওয়ায়েল আবু ফাওউর রয়টার্সকে বলেছেন, “ঐকমত্যের ভিত্তিতে প্রেসিডেন্ট নির্বাচন বহির্বিশ্বের কাছে এই বার্তা পাঠাবে যে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত একটি শক্তিশালী সরকার দেশে আছে।”