২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরীয় এক কূটনীতিক পালিয়ে দক্ষিণ কোরিয়ায়

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম বলছে, এই কূটনীতিকের নাম রি ইল কিউ। ২০১৬ সালের পর তিনিই সিউলে পালিয়ে যাওয়া সবচেয়ে উচ্চপদস্থ উত্তর কোরীয় কূটনীতিক বলে মনে করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2024, 11:28 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

কিউবায় নিযুক্ত এক উচ্চপদস্থ উত্তর কোরীয় কূটনীতিক দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গেছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বিবিসি-কে এ খবর নিশ্চিত করে জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার চোসুন ইলবো পত্রিকা ওই কূটনীতিকের নাম রি ইল কিউ (৫২) বলে জানিয়েছে। ২০১৬ সালের পর রি ইল কিউ-ই দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়া সবচেয়ে উচ্চপদস্থ উত্তর কোরীয় কূটনীতিক বলে ধারণা করা হচ্ছে।

 দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিউবায় উত্তর কোরিয়ার দূতাবাসে রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করতেন কিউ। তবে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) বিষয়টি বিবিসি-কে নিশ্চিত করে জানায়নি।

এনআইএস জানায়, এই কূটনীতিক গত নভেম্বর মাসে পালিয়ে যান। উত্তর কোরিয়ার শাসকগোষ্ঠীর ওপর মোহভঙ্গ হওয়ায় এবং অনিশ্চিত ভবিষ্যতের কারণে তিনি পালিয়ে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে চোসুন ইলবো পত্রিকা।

উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগ করে পালিয়ে যাওয়া ব্যক্তিদের খবর প্রকাশ হতে সাধারণত কয়েক মাস সময় লাগে। কারণ দক্ষিণ কোরীয় সমাজে আনুষ্ঠানিকভাবে সামিল হওয়ার আগে তাদেরকে কিছু কোর্সে অংশ নিতে হয়।

কিউবায় রি ইল কিউয়ের দায়িত্বের মধ্যে ছিল হাভানাকে সিউলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে বিরত রাখা। তবে ফেব্রুয়ারিতে, দুই দেশের সরকার আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছে, যা উত্তর কোরিয়ার জন্য একটি বড় ধাক্কা হিসাবেই দেখা হয়।

চোসুন ইলবো পত্রিকা রি এর উদ্ধৃতি দিয়ে বলেছে, “প্রতিটি উত্তর কোরীয় অন্তত একবার হলেও দক্ষিণ কোরিয়ায় বাস করার কথা চিন্তা করে।”

সর্বশেষ ২০১৬ সালে যুক্তরাজ্যে নিযুক্ত উত্তর কোরিয়ার তৎকালীন উপ-রাষ্ট্রদূত তাই ইয়ংহো পালিয়ে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছিলেন। তিনিও ছিলেন সুপরিচিত এক উচ্চপদস্থ উত্তর কোরীয় কূটনীতিক।