১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের হায়দ্রাবাদে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৭

ধ্বংসস্তূপের মধ্যে শিশুসহ কারখানাটির কয়েকজন কর্মী আটকা পড়ে আছেন আর তাদের উদ্ধার করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

পাকিস্তানের হায়দ্রাবাদে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৭
হায়দ্রাবাদের লাঘারি গোথ নদী তীরের এই বাড়িতে অবৈধভাবে আতশবাজি কারখানা গড়ে তোলা হয়েছিল। ভিডিও থেকে নেওয়া ছবি: ডন

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 01:45 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

পাকিস্তানের হায়দ্রাবাদ শহরে একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। 

পাকিস্তানের সংবাদপত্র ডন জানিয়েছে, শনিবার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এরপর কারখানাটির ধ্বংসাবশেষ থেকে ওই দিন রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা সাতজনে দাঁড়ায়।  

রোববার দেশটির জরুরি পরিষেবার কর্মকর্তারা ডনকে নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। 

পাকিস্তানের উদ্ধারকারী পরিষেবা ১১২২ এর মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, “লাঘারি গোথ নদী তীরে লতিফাবাদ পুলিশ স্টেশনের বি সেকশন এলাকার আতশবাজি কারখানাটিতে শক্তিশালী বিস্ফোরণটি ঘটে বলে জানা গেছে।” 

বিস্ফোরণের পর কারখানটিতে আগুন ধরে যায়। ওই মুখপাত্র জানিয়েছেন, কোনো বৈধ ছাড়পত্র ছাড়াই ওই এলাকার একটি বাড়িতে আতশবাজি তৈরি করা হচ্ছিল। 

তিনি আরও জানান, ধ্বংসস্তূপের মধ্যে শিশুসহ কারখানাটির কয়েকজন কর্মী আটকা পড়ে আছেন আর তাদের উদ্ধার করার প্রচেষ্টা চালানো হচ্ছে। 

ডন জানিয়েছে, বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের শরীরের ৯৮ শতাংশ পুড়ে যাওয়ায় তারা সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। 

এর আগে করাচির তাজ মেডিকেল কমপ্লেক্সের কাছে ঘন বসতিপূর্ণ এক এলাকায় আতশবাজির উপকরণ রাখার এক গুদামে আরেক বিস্ফোরণের ঘটনায় অন্তত দুইজন নিহত ও ৩৩ জন আহত হয়েছিলেন।