সিরিয়া থেকে লিবিয়া গেল রাশিয়ার মালবাহী বিমান
মস্কো জানিয়েছে, তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরুদ্ধে তাদের প্রচেষ্টা বজায় রাখতে সিরিয়ায় থাকা দু’টি সামরিক ঘাঁটি ধরে রাখতে চায়।
সিরিয়ার বন্দর শহর লাতাকিয়ার রুশ বিমান ঘাঁটি থেকে রাশিয়ার একটি মালবাহী বিমান শনিবার লিবিয়ায় চলে গেছে বলে জানিয়েছেন সিরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা।
গত রোববার সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর হামেইমিম বিমান ঘাঁটি ত্যাগ করল এ মালবাহী বিমান।
ওই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আসছে দিনগুলোতে আরও বিমান হামেইমিম বিমান ঘাঁটি ছাড়বে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার দিনভর ওই ঘাঁটিটিতে ক্রমবর্ধমান তৎপরতা লক্ষ্য করা গেছে। ওই মালবাহী বিমান চলে যাওয়ার পাশপাশি রাশিয়ার একটি ইলিউশিন টু-৭৬ মালবাহী বিমান ও একটি অ্যালিগেটর হেলিকপ্টারকে ওই ঘাঁটিতে নামতে দেখা গেছে।
শুক্রবার স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, হামেইমিম বিমান ঘাঁটিতে সামরিক সরঞ্জাম এদিক ওদিক করছে ঘাঁটিটির কর্তৃপক্ষ। সেখানে দু’টি আন্তোনোভ এএন-১২৪ মালবাহী বিমান দেখা গেছে।
রাশিয়া ক্ষমতাচ্যুত আসাদের দীর্ঘদিনের মিত্র ছিল। বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করার পর দেশে ছেড়ে পালিয়ে যাওয়া আসাদকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া।
মস্কো জানিয়েছে, তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরুদ্ধে তাদের প্রচেষ্টা বজায় রাখতে সিরিয়ায় লাতাকিয়ার হামেইমিম বিমান ঘাঁটি ও তার্তুসের নৌঘাঁটি ধরে রাখতে চায়।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ বৃহস্পতিবার জানিয়েছেন, সিরিয়ার ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম বিদ্রোহী গোষ্ঠীর রাজনৈতিক কমিটির সঙ্গে যোগাযোগ ‘গঠনমূলকভাবে এগিয়ে যাচ্ছে’।
