২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঝআকাশে গোলযোগ: দিল্লিগামী এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার ফিরে গেল হংকংয়ে

মাঝআকাশে দুর্ঘটনায় পড়ার আঁচ পেয়েই এয়ার ইন্ডিয়ার দিল্লিমুখী  এআই ৩১৫ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ জরুরি অবতরণ করে হংকং বিমান বন্দরে।

মাঝআকাশে গোলযোগ: দিল্লিগামী এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার ফিরে গেল হংকংয়ে
ছবি: ফেইসবুক/এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2025, 04:56 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

সময়টা খারাপ চলছে এয়ার ইন্ডিয়ার ৷ ভারতে গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনারের বড় ধরনের দুর্ঘটনার রেশ না কাটতেই এবার ফের বিপত্তি দেখা দিল হংকং থেকে দিল্লিমুখী ড্রিমলাইনার উড়োজাহাজে।

তবে এবার পাইলট কোনও ঝুঁকি নেননি। সোমবার মাঝআকাশে দুর্ঘটনায় পড়ার আঁচ পেয়েই এয়ার ইন্ডিয়ার দিল্লিমুখী এই উড়োজাহাজ  জরুরি অবতরণ করে হংকং বিমান বন্দরে।

ওড়ার পরই যান্ত্রিক গোলযোগের বিষয়টি বুঝতে পেরেছিলেন পাইলট। তাই তৎক্ষণাৎ তিনি বিমানটি ঘুরিয়ে আবার হংকংয়েই অবতরণ করান।

এয়ার ইনডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট নম্বর এআই ৩১৫ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি স্থানীয় সময় দুপুর ১২টা ১৬ মিনিটে হংকং থেকে ছেড়ে এসেছিল।

ভারতের সময় দুপুর ১২টা ২০ মিনিটে উড়োজাহাজটি দিল্লি পৌঁছানোর কথা ছিল। তবে মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সাধারণ নিরাপত্তা প্রটোকল মেনেই পাইলট উড়োজাহাজটিকে হংকংয়ে ফেরানোর সিদ্ধান্ত নেন।

ফ্লাইটরাডার২৪ অনলাইন ট্র্যাকারে দেখা গেছে, হংকং থেকে ওড়ার ৯০ মিনিট পর যাত্রীবাহী উড়োজাহাজটি মুখ ঘুরিয়ে মূল বিমানবন্দরের দিকে এগোচ্ছে।

এনডিটিভি জানায়, হংকংয়ে বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রীদের নামিয়ে নেওয়া হয়েছে। তবে উড়ন্ত বিমানে কী ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

সতর্কতা হিসেবে উড়োজাহাজটি পরীক্ষা করা হচ্ছে। যাত্রীদের দ্রুত দিল্লি পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে।

যান্ত্রিক গোলযোগেই গত ১২ জুন আহমেদাবাদে উড্ডয়নের পরপরই এয়ার ইনডিয়ার আরেকটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার লোকালয়ে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়েছিল বলে ধারণা বিশেষজ্ঞদের। সেই ফ্লাইটে থাকা ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্যের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়, এবং দুর্ঘটনায় আরও অনেকে নিহত হন।

সেই দুর্ঘটনার আতঙ্কে সোমবারেও দিল্লিমুখী উড়োজাহাজের যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছিল। বিমান ফিরে যাওয়ার ঘোষণায় তাদের মধ্যে চাপা ভয় ও উত্তেজনা দেখা দেয়।

উড়োজাহাজটির যান্ত্রিক সমস্যার কারণ বা ধরণ এবং ফ্লাইটের সময়সূচি পরিবর্তন সম্পর্কে এয়ার ইন্ডিয়া এখনও প্রকাশ্যে কোনও বিবৃতি দেয়নি।