Published : 02 Jan 2026, 01:18 AM
নতুন বছর শুরুর দিনেই রাশিয়া ও ইউক্রেইন একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে।
মস্কোর অভিযোগ, ইউক্রেইনের দক্ষিণাঞ্চলে খেরসনের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় একটি হোটেল ও ক্যাফেতে ইউক্রেইনের ড্রোন হামলায় শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছে।
অন্যদিকে, কিইভ অভিযোগ করেছে যে, রাশিয়া তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে।
রয়টার্স লিখছে, প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ অবসানের লক্ষ্যে যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে নিবিড় শান্তি আলোচনা চলছে, ঠিক তখনই এই পাল্টাপাল্টি হামলার অভিযোগ এল।
রাশিয়া এবং ইউক্রেইন-দুই দেশই একে অপরের বিরুদ্ধে শান্তি আলোচনার ফলাফলকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তুলেছে।
সাধারণ মানুষের ওপর ইউক্রেইনের হামলার অভিযোগ করে খেরসন অঞ্চলের রুশ-নিযুক্ত গভর্নর ভ্লাদিমির সালদো বলেন, উপকূলীয় গ্রাম খোরলিতে নববর্ষ উদযাপনের সময় তিনটি ইউক্রেইনীয় ড্রোন একটি হোটেল ও ক্যাফেতে আঘাত হানে।
তিনি দাবি করেন, ড্রোনগুলোর আঘাতে অনেক মানুষ জীবন্ত দগ্ধ হয়েছে। এই হামলাকে ‘সুপরিকল্পিত’ এবং ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেন তিনি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এই হামলায় হতাহতের পরিসংখ্যান দিয়ে জানায়, হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে, যার মধ্যে ছয় জন অপ্রাপ্তবয়স্ক।
অন্যদিকে, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে এক বার্তায় অভিযোগ করে বলেছেন, “রাশিয়া পরিকল্পিতভাবে নববর্ষের রাতে যুদ্ধ টেনে এনেছে। রাতে ইউক্রেইনকে লক্ষ্য করে ২০০-র বেশি ড্রোন ছোড়া হয়েছে।”
তিনি জানান, সাতটি অঞ্চলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালায় রাশিয়া। জেলেনস্কি আরও জানান, এ ধরনের হামলা প্রমাণ করে যে ইউক্রেইনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহে বিলম্ব করার আর কোনও সুযোগ নেই।
বার্তা রয়টার্স জানিয়েছে, এর আগে গত সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে দাবি করা হয় যে, ইউক্রেইন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনে ড্রোন হামলার চেষ্টা করেছে।
ইউক্রেইন এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এই দাবি নাকচ করে দিলেও রাশিয়া জানিয়েছে, তারা এর প্রমাণ ওয়াশিংটনকে সরবরাহ করবে।
ইউক্রেইনের খেরসন অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর প্রোকুদিন জানান, বৃহস্পতিবার নববর্ষ শুরুর দিনেই শহরে রুশ হামলায় একজন নিহত এবং ৮৭ বছর বয়সী এক নারী আহত হয়েছেন। তিনি ওই নারীর ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্টের ভিডিয়োও পোস্ট করেন।
এছাড়া, সুমি অঞ্চলসহ তিনটি এলাকায় রেল যোগাযোগ পরিকাঠামোতে হামলার খবর জানিয়েছেন ইউক্রেইনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের হামলাগুলো সামরিক লক্ষ্যবস্তু এবং জ্বালানি অবকাঠামোকে কেন্দ্র করে চালানো হয়েছিল।