‘এল চ্যাপো’র ছেলে যেভাবে ধরিয়ে দিলেন মাদকসম্রাট ‘এল মায়ো’কে
সিনালোয়া মাদক চক্রের হোতা হিসেবে পরিচিত জোয়াকিন 'এল চ্যাপো' গুজম্যানের ছেলে লোপেজ যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে নিজের আত্মসমর্পণ করা নিয়ে বোঝাপড়ার পর কৌশলে ধরিয়ে দেন এল মায়োকে।
পার্টনারের ছেলের পাতা ফাঁদেই পা দিয়েই শেষমেষ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই- এর কাছে ধরা পড়েন বিশ্বের অন্যতম মাদকসম্রাট ইসমাইল ‘এল মায়ো’ জাম্বাদা।
সিনালোয়া মাদক চক্রের হোতা হিসেবে পরিচিত জোয়াকিন 'এল চ্যাপো' গুজম্যানের ছেলে জোয়াকিন গুজমান লোপেজ যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে নিজের আত্মসমর্পণ করা নিয়ে বোঝাপড়া করে রাখার পর কৌশলে ধরিয়ে দেন এল মায়োকে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে থাকা জোয়াকিন 'এল চ্যাপো' গুজম্যানের সঙ্গে হাত মিলিয়েই মেক্সিকোর সিনালোয়া মাদক চক্র গড়েছিলেন ৭৬ বছর বয়সী জাম্বাদা। আশির দশকের শেষ দিকে গুয়াদালাজারা চক্রের পতনের পর এই সিনালোয়া চক্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি।
সেই ‘এল চ্যাপোর’ ছেলে জোয়াকিন গুজমান লোপেজ এবং এল মায়ো জাম্বাদা- দুইজনকেই যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের এল পাসো থেকে গত বৃহস্পতিবার গ্রেফতার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
জাম্বাদাকে ধরিয়ে দিতে দেড় কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)। সিনালোয়া মাদক চক্রের হোতা হিসেবে জোয়াকিন 'এল চ্যাপো' গুজম্যান প্রকাশ্যে পরিচিত থাকলেও অনেকেরই বিশ্বাস ছিল, জাম্বাদা বা ‘এল মায়ো’-ই আসল নেতা।
জাম্বাদাকে ধরাতে যেভাবে এফবিআই-কে সহায়তা করেন লোপেজ:
বৃহস্পতিবার (২৫ জুলাই) জাম্বাদা এবং লোপজ- দুইজনকে বহনকারী একটি প্রপেলার উড়োজাহাজ অবৈধভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমানা অতিক্রম করে টেক্সাসের এল পাসোর কাছে একটি ছোট বিমানবন্দরে অবতরণ করলে, আগে থেকে ওঁত পেতে থাকা মার্কিন গোয়েন্দারা হানা দিয়ে গ্রেপ্তার করেন মাদক চক্রের অন্যতম এই দুই সদস্যকে।
ঘটনার সঙ্গে জড়িত দুই বর্তমান ও দুই সাবেক মার্কিন কর্মকর্তা জানিয়েছন,এল চ্যাপোর ছেলে লোপেজ আগে থেকেই ঠিক করে রেখেছিলেন, তিনি উড়োজাহাজ অবতরণের সঙ্গে সঙ্গেই আত্মসমর্পণ করবেন। কিন্তু ‘এল মায়ো’ জাম্বাদা এ ব্যাপারে কিছুই জানতেন না। তাকে ফাঁদে ফেলে উড়োজাহাজে ওঠানো হয়।
উত্তর মেক্সিকোতে একটি রিয়েল এস্টেট পরিদর্শনের কথা বলে জাম্বাদাকে উড়োজাহাজে তোলেন লোপেজ। কিন্তু সেটি উত্তর মেক্সিকোতে না গিয়ে যুক্তরাষ্ট্রের ডোনা আনা কাউন্টি ইন্টারন্যাশনাল জেট পোর্টে অবতরণ করে।
মার্কিন কর্তৃপক্ষ এবং এল চ্যাপোর ছেলে জোয়াকিন গুজম্যান লোপেজের মধ্যে এর আগে আত্মসমর্পণ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল। এরপরই জাম্বাদাকে গ্রেপ্তার করা সম্ভব হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
যদিও এল মায়োকে ধরতে পারাটা মোটেও প্রত্যাশিত ছিল না। কারণ, অনেক আমেরিকান কর্মকর্তাই এল চ্যাপোর ছেলে জোয়াকিন লোপেজের আত্মসমর্পণের আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে লোপেজের এল মায়োকে নিয়ে আসার একটি বার্তা তাদের চার দশকের অপেক্ষার অবসান ঘটায়।
লোপেজের বার্তা পাওয়ার পরপরই এই অভিযান যারা পরিচালনা করছিলেন সেই এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) – এর কর্মকর্তারা উড়োজাহাজ অবতরণের সময় বিমানবন্দরে পৌঁছান।
নাম প্রকাশে অনিচ্ছুক ডোনা এনা কাউন্টি ইন্টারন্যাশনাল জেটপোর্টের এক কর্মী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বৃহস্পতিবার বিকালে তিনি বিচক্র্যাফট কিং এয়ারের একটি উড়োজাহাজকে রানওয়েতে অবতরণ করতে দেখেছেন, যেখানে কেন্দ্রীয় মার্কিন কর্মকর্তারা আগে থেকেই অপেক্ষা করছিলেন।
তিনি বলেন,“দুইজন উড়োজাহাজ থেকে নামলে কর্মকর্তারা সহজেই তাদেরকে গ্রেপ্তার করেন।”
বৃহস্পতিবার সন্ধ্যায় এল পাসো থেকে দুইজনকে আটক করা হয়েছে বলে মার্কিন বিচার বিভাগের এক বিবৃতির আগে রয়টার্সই প্রথম সংবাদ সংস্থা যারা এ খবর প্রকাশ করে। অভিযানের বিস্তারিত বিবরণ দিতে সংস্থাটি বর্তমান ও সাবেক ওই মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে।
৭০ বছর বয়সি এল মায়ো জাম্বাদার অপ্রত্যাশিত এই গ্রেপ্তার ও এল চ্যাপোর ছেলের বিশ্বাসঘাতকতা, সিনালোয়া কার্টেলের মধ্যে অভ্যন্তরীন সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।
জামবাদাকে মেক্সিকোর ইতিহাসের অন্যতম মাদক পাচারকারী হিসাবে অভিযুক্ত করা হয়েছে। তার পার্টনার এল চ্যাপো ২০১৭ সালে গ্রেপ্তার হওয়ার পর যুক্তরাষ্ট্রের কারাগারে আমৃত্যু কারাদণ্ড ভোগ করছেন।
ঠিক কী কারণে ‘এল চ্যাপো’র ছেলে লোপেজ তার বাবার দীর্ঘকালীন সঙ্গীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন তা এখনও স্পষ্ট নয়।
তবে মায়ো গ্রেপ্তার অভিযান সংশ্লিষ্ট ওই চার মার্কিন কর্মকর্তা বলছেন, এল চ্যাপোর আরেক ছেলে ওভিদিওকে নিয়ে দরকষাকষি করে তার অনুকূলে একটি চুক্তি করার জন্যই মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছান তার ছোট ভাই লোপেজ। ওভিদিওকে ২০২৩ সালে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছিল।
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ মাদকচক্রের হোতাদের মূল লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তারা প্রায়ই এই হোতাদের সম্পর্কে তথ্য পাওয়ার বিনিময়ে তাদের সঙ্গে দর কষাকষির চুক্তি করে, যা অন্যান্য উচ্চপদস্থ কার্টেল ব্যক্তিত্বদের ধরতে সহায়ক হয়।
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে গুজম্যান লোপেজের নেপথ্য যোগাযোগ আইনজীবীদের মাধ্যমে হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তবে দুই ভাইয়ের আইনজীবী জেফ্রি লিচটম্যান এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
হুইলচেয়ারে বসা জাম্বাদা শুক্রবার টেক্সাসের একটি আদালতে মাদক ব্যবসা, মাদক আমদানির ষড়যন্ত্র এবং অর্থ পাচারসহ মাদক সংশ্লিষ্ট সব অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
তার আইনজীবী ফ্রাঙ্ক পেরেজ এদিন বলেন, “জাম্বাদা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রে পদার্পন করেননি। গুজম্যান লোপেজ মেক্সিকোতে জাম্বাদাকে 'জোর করে অপহরণ' করেছেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন।”
গুজম্যান লোপেজকে আগামী সপ্তাহে শিকাগোর আদালতে হাজির করা হবে। যেখানে তাকে প্রথম মাদকের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল প্রায় ছয় বছর আগে।
যুক্তরাষ্ট্রে ফেনটানিলের সবচেয়ে বড় পাচারকারী সিনালোয়া কার্টেল। ফেনটানিল ওভারডোজ ১৮ থেকে ৪৫ বছর বয়সি আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই গ্রেপ্তারের ঘটনায় খুশি হয়ে অঙ্গীকার করে বলেন, 'ফেন্টানিলের অভিশাপ' মোকাবেলা অব্যাহত রাখা হবে।
একজন মার্কিন কর্মকর্তা উল্লেখ করেছেন যে ,অত্যন্ত সতর্ক এবং অভিজ্ঞ কার্টেল নেতা জাম্বাদা কীভাবে সেই উড়োজাহাজে উঠলেন তা নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে।
মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী রোসা রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার মেক্সিকোকে এই আটকাভিযানের বিষয়ে আগেই জানিয়েছিল। কিন্তু মেক্সিকো কর্তৃপক্ষ এই অভিযানে অংশ নেয়নি।
মেক্সিকোর বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর কার্টেলদের ব্যাপারে এখন বেশ সতর্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগও কিছুটা সীমিত করেছেন। কারণ শক্তিশালী হোতাদের লক্ষ্যবস্তুতে পরিণত করার কারণে মেক্সিকোতে প্রায়ই সহিংসতা বাড়ে ।
