সরে দাঁড়িয়েছেন বাইডেন, কমলা হ্যারিসকে সমর্থন
যুক্তরাষ্ট্রের নির্বাচনি দৌড় থেকে বাইডেন সরে যাওয়ায় এখন এ পদে সবচেয়ে বয়স্ক প্রার্থী হিসাবে রইলেন ডনাল্ড ট্রাম্প। আর প্রতিপক্ষ হিসাবে বেশির ভাগ ডেমোক্র্যাটেরই সমর্থন পাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
যুক্তরাষ্ট্রে নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন তিনি।
বয়সের ভারে দুর্বল হয়ে পড়া প্রেসিডেন্ট বাইডেনের ওপর সম্প্রতি নিজ ডেমোক্র্যাট দল থেকেই নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ জোরদার হচ্ছিল।
প্রতিপক্ষ প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের সঙ্গে গত জুনে মুখোমুখি বিতর্কে খারাপ ফল করার পর থেকেই তার ওপর সরে যাওয়ার নিয়ে চাপ সৃষ্টি হয়। এর মধ্যে গত সপ্তাহে বাইডেন নতুন করে কোভিড আক্রান্ত হওয়ার পর সে চাপ আরও জোরদার হয়।
ক্রমাগত চাপের মুখে বাইডেন রোববার সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বলেছেন, দল ও দেশের স্বার্থেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
বাইডেন সরে যাওয়ায় এখন নির্বাচনে প্রেসিডেন্ট পদে সবচেয়ে বয়স্ক প্রার্থী হিসাবে রইলেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ওদিকে, তার প্রতিপক্ষ প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে বেশির ভাগ ডেমোক্র্যাটেরই সমর্থন পাচ্ছেন কমলা হ্যারিস।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল কিল্নটন এবং হিলারি ক্লিনটনও সমর্থন দিয়েছেন কমলা হ্যারিসকে। হ্যারিস এতদিন বাইডেনকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে সমর্থন দিয়ে এসেছেন। তবে তাকে অনুরোধ জানানো হলে তিনি প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হতে প্রস্তুত আছেন।
তবে হ্যারিসের জন্য চ্যালেঞ্জ হচ্ছে, নির্বাচনপূর্ব জরিপগুলোতে তার প্রতি জনসমর্থন বাইডেনের চেয়েও অনেক কম দেখা গেছে। সেদিক থেকে তিনি ট্রাম্পকে হারানোর মতো যথেষ্ট সমর্থন পাবেন কিনা সেটি একটি প্রশ্ন।
ট্রাম্প এরই মধ্যে বলেছেন, বাইডেনের তুলনায় কমলা হ্যারিসকে নির্বাচনে হারানো তার জন্য বেশি সহজ হবে।
তবে কমলা হ্যারিস একজন ভারতীয় বংশোদ্ভূত নারী, কৃষ্ণাঙ্গ এবং প্রথম একজন এশীয় হিসাবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন। এবারও যদি হ্যারিস নির্বাচনে জয় পান তাহলে নতুন আরেক ইতিহাস গড়বেন তিনি।
