হামাস নেতা হানিয়াকে খুব কাছ থেকে মারা হয়েছিল: ইরান
ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী জানিয়েছে তেহরানে হানিয়া যে অতিথিশালায় ছিলেন, তার বাইরে খুব কাছ থেকে স্বল্প-পাল্লার প্রজেক্টাইল ছুড়ে তাকে হত্যা করা হয়।
ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতাকে তেহরানে তার অতিথিশালার বাইরে খুব কাছ থেকে স্বল্প-পাল্লার প্রজেক্টাইল ছুড়ে হত্যা করা হয়েছে।
ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) একথা জানিয়েছে। তারা জানায়, প্রজেক্টাইলটির ওজন ছিল প্রায় ৭ কেজি এবং সেটি শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছিল। এতেই গত বুধবার নিহত হন হানিয়া ও তার দেহরক্ষী।
ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গত মঙ্গলবার তেহরানে গিয়েছিলেন হানিয়া। যে অতিথি ভবনে তিনি অবস্থান করছিলেন, সেখানে হামলা হয়।
ইরানের লেভল্যুশনারি গার্ড এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা এবং তা বাস্তবায়নের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। যুক্তরাষ্ট্র এতে সহায়তা করেছে বলেও তারা অভিযোগ করেছে। হানিয়া হত্যার বিষয়ে কোনও মন্তব্য ইসরায়েল করেনি।
হানিয়াকে কাছ থেকে হত্যার যে তথ্য আইআরজিসি জানিয়েছে তা পশ্চিমা গণমাধ্যমে আসা খবরের সঙ্গে সাংঘর্ষিক, যে খবরে বলা হয়েছে, ইসরায়েলি চররা অতিথিশালায় বিস্ফোরক পেতে রেখেছিল।
ইরানে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শপথ চলার মধ্যে হানিয়া খুনের ঘটনা নিরাপত্তায় দেশটির ব্যর্থতাকেই সামনে এনেছে। এতে ইরান এবং আইআরজিসি বিব্রত হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস শনিবারের প্রতিবেদনে জানিয়েছে, হানিয়ার মৃত্যুর পর থেকে আইআরজিসি’র কয়েক ডজন কর্মকর্তা গ্রেপ্তার এবং চাকরিচ্যুত হয়েছে।
পত্রিকাটি বলেছে, সংগঠনটির গোয়েন্দা সংস্থা তদন্ত হাতে নিয়েছে। হানিয়া যে অতিথিশালায় ছিলেন সেখানকার স্টাফ সদস্যদের জেরা করা হয়েছে এবং তাদের ফোন ও অন্যান্য ইলেক্ট্রনিক্স জব্দ করা হয়েছে।
ব্রিটিশ ডেইলি টেলিগ্রাফ এর আগে জানিয়েছিল, হানিয়া তার ঘরের ভেতরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের চরদের পাতা বিস্ফোরকের বিস্ফোরণে নিহত হন। কিন্তু শনিবার ইরানের রেভল্যুশনারি গার্ড তাদের বিবৃতিতে প্রজেক্টাইল ছুড়ে হানিয়াকে মারার তথ্য জানাল।
নিউ ইয়র্ক টাইমস পত্রিকাও বিষ্ফোরকের বিস্ফোরণে হানিয়া নিহত হওযার খবর জানিয়েছিল। বলা হয়েছিল দুমাস আগে এই বিস্ফোরক পাতা হয়। তবে বিবিসি এই তথ্য যাচাই করতে পারেনি।
