বিশ্বে নিবিড় সামরিক পর্যবেক্ষণে ভারত-পাকিস্তান জঙ্গিবিমানের লড়াই
চীনের তৈরি পাকিস্তানের যুদ্ধবিমান এবং ফ্রান্সের তৈরি ভারতের জঙ্গিবিমানের লড়াই অন্য দেশগুলোর সামরিক বাহিনীর জন্য আধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা এবং পাইলটের দক্ষতা পরখের বিরল সুযোগ করে দিয়েছে।
চীনের তৈরি পাকিস্তানের যুদ্ধবিমান এবং ফ্রান্সের তৈরি ভারতের রাফাল জঙ্গিবিমানের মধ্যে লড়াই বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সামরিক বাহিনীর জন্য নিবিড়ভাবে খতিয়ে দেখার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে যেসব দেশের বাহিনী ভবিষ্যৎ যুদ্ধ পরিস্থিতিতে সামরিক কৌশল নির্ধারণে তথ্য সংগ্রহের চেষ্টায় আছে তাদের জন্য।
বুধবার দুই দেশের জঙ্গিবিমানের সংঘর্ষে চীনের তৈরি একটি পাকিস্তানি যুদ্ধবিমান ফ্রান্সের তৈরি ভারতের দুটি জঙ্গিবিমান ভূপাতিত করেছে বলে রয়টার্সকে নিশ্চিত করে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা।
এ ঘটনাকে চীনের উন্নত যুদ্ধবিমান প্রযুক্তির জন্য বড় ধরনের মাইলফলক হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকরা, বিশেষ করে তাদের উন্নত জঙ্গিবিমান প্রযুক্তির কার্যকারিতার দিক থেকে।
এ ধরনের লড়াইয়ে অন্যান্য দেশগুলোর সামরিক বাহিনীর জন্য আধুনিক যুদ্ধবিমানের কার্যকারিতা, পাইলটের দক্ষতা এবং সরাসরি লড়াইয়ে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা পরখ করার বিরল সুযোগ তৈরি হয়, যা ভবিষ্যত যুদ্ধ পরিস্থিতিতে এগিয়ে থাকার জন্য সামরিক বাহিনীগুলোর প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও পাকিস্তানের উন্নত অস্ত্রের এমন সরাসরি ব্যবহার বিশ্বজুড়ে বিভিন্ন দেশই চুলচেরা বিশ্লেষণ করে দেখবে। এর মধ্যে আছে- চীন ও যুক্তরাষ্ট্র, যারা তাইওয়ান কিংবা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, চীনের নির্মিত জে-১০ যুদ্ধবিমান দিয়ে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের পাইলটরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে মনোযোগ কেড়েছে, ইউরোপীয় সংস্থা এমবিডিএ- এর তৈরি রাডার-গাইডেড ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে চীনের তৈরি পিএল-১৫ আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা। যদিও জঙ্গিবিমানের সংঘাতে এইসব অস্ত্র ব্যবহারের বিষয়টি এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের (আইআইএসএস)সামরিক মহাকাশ বিষয়ক জ্যেষ্ঠ ফেলো ডগলাস ব্যারি বলেন, “লড়াইয়ে ব্যবহার করা যুদ্ধকৌশল, অস্ত্র, এবং কী কাজ করেছে আর কী করেনি—তা নিয়ে চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের জঙ্গিবিমান বিশ্লেষকরা যতটা সম্ভব তথ্য সংগ্রহের চেষ্টা করবেন।”
“এই আকাশযুদ্ধে চীনের সবচেয়ে ক্ষমতাশালী অস্ত্রের মুখোমুখি হয়েছে পশ্চিমা বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী অস্ত্র; যদি এই অস্ত্রগুলো ব্যবহার করা হয়ে থাকে, আমরা এখনও সেটি নিশ্চিতভাবে জানি না”, বলেন তিনি।
ফ্রান্স ও যুক্তরাষ্ট্র এখন ভারতের কাছ থেকে এ সংক্রান্ত তথ্য পেতে চাইবে বলে মনে করেন ব্যারি। ওদিকে, প্রতিরক্ষা শিল্পের এক নির্বাহী কর্মকর্তা বলেন, “চীনের পিএল-১৫ পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকদের কাছে বড় সমস্যা হয়ে উঠেছে। মার্কিন সামরিক বাহিনী এই ক্ষেপণাস্ত্র নিয়ে চিন্তিত।”
চীনের এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ও কার্যক্ষমতা নিয়ে আগেই উৎকণ্ঠা ছিল, আর এবার বাস্তবিকই যুদ্ধে এর সম্ভাব্য ব্যবহার সেটিকে আরও গুরুত্বের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
পশ্চিমা প্রতিরক্ষা শিল্পের একজন কর্মকর্তা জানিয়েছেন, পিএল-১৫-এর যে সংস্করণ পাকিস্তান ব্যবহার করছে, সেটি চীনের আসল সংস্করণ নয়, বরং কম পাল্লার রপ্তানি সংস্করণ হতে পারে।
ইউরোপের মেটিওর ক্ষেপণাস্ত্রে চেয়ে চীনের রকেট-চালিত পিএল-১৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা দীর্ঘ হবে এমন সম্ভাবনা তিনি নাকচ করেছেন । তবে তিনি বলেন, “আমদের যা ধারণা, পিএল-১৫ এর সক্ষমতা তার চেয়েও বেশি হতে পারে।”
মেটিওরের পাল্লা কত তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফলে এ মুহূর্তে কিছুই বিচার করা সম্ভব না বলে জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, এখনও জানা যায়নি মেটিওর আদৌ বহন করা হয়েছিল কি না, অথবা উভয় পক্ষের পাইলটরা কতটা প্রশিক্ষণপ্রাপ্ত ছিল।
অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোও প্রযুক্তিগত কার্যকারিতা ও বাস্তব যুদ্ধক্ষেত্রের পরিবেশগত পার্থক্য চিহ্নিত করতে আগ্রহী। “কোন অস্ত্র কতটা কার্যকর ছিল তা নিয়ে নিশ্চয়ই পর্যালোচনা চলবে, কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে যে বিভ্রান্তি ও তথ্য ঘাটতি থাকে, সেটাও মনে রাখা জরুরি,” বলেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক বায়রন ক্যালান।
তিনি বলেন, ইউক্রেইনের যুদ্ধ যেমন যুক্তরাষ্ট্রকে প্রতিনিয়ত প্রতিক্রিয়া জানার সুযোগ দিয়েছে, তেমনি এই সংঘর্ষও ভারত, পাকিস্তান ও তাদের মিত্রদের জন্য একটি শেখার ক্ষেত্র।
চীনের পিএল-১৫ বহুবছর ধরেই পশ্চিমাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। এই ক্ষেপণাস্ত্র মোকাবেলায় যুক্তরাষ্ট্র এখন লকহিড মার্টিন-এর মাধ্যমে এআইএম-২৬০ তৈরি করছে। ইউরোপও মেটিওর ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ তৈরির প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সামরিক প্রকাশনা জেন।
সম্প্রতি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জন্য সবচেয়ে উন্নত ফাইটার জেট নির্মাণে বোয়িংকে দায়িত্ব দিয়েছেন। এতে স্টেলথ প্রযুক্তি, উন্নত সেন্সর ও শক্তিশালী ইঞ্জিন ব্যবহৃত হবে বলে ধারণা করা হচ্ছে।
