ভারতে চার দশকে যত ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
১৯৯৯ সালের পর আর কোনো ট্রেন দুর্ঘটনায় উড়িষ্যার মতো এত মৃত্যু দেখেনি ভারত।
উড়িষ্যায় ভারতের ইতিহাসের অন্যতম প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনায় মৃত্যু এরই মধ্যে আড়াইশ ছাড়িয়ে গেছে; আহত নয়শর বেশি।
আহতদের মধ্যে গুরুতর অনেকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যটির সরকারি কর্মকর্তারা।
২০১৮ সালের পর দেশটিতে কোনো ট্রেন দুর্ঘটনায় এত প্রাণহানি হয়নি।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের রেল ব্যবস্থাপনার সুখ্যাতি আছে; সেখানে ১৯৮১ সাল থেকে যত ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছে, এক প্রতিবেদনে সেগুলো তুলে এনেছে বার্তা সংস্থা রয়টার্স।
জুন, ১৯৮১: ঘূর্ণিঝড়ের মধ্যে ভিড়ঠাসা একটি ট্রেনের পেছন দিককার ৭টি বগি লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে গেলে অন্তত ৮০০ জনের মৃত্যু হয়।
জুলাই, ১৯৮৮: একটি এক্সপ্রেস ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণ ভারতের কুইলনের কাছে বর্ষায় পানি উপচে পড়া একটি হ্রদে ডুবে যায়। মারা যায় অন্তত ১০৬ জন।
অগাস্ট, ১৯৯৫: দিল্লির ২০০ কিলোমিটার দূরে দুই ট্রেনের সংঘর্ষে সাড়ে তিনশ মানুষের মৃত্যু হয়।
অগাস্ট, ১৯৯৯: কলকাতার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে মারা যায় অন্তত ২৮৫ জন।
অক্টোবর, ২০০৫: দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশে ভেলুগোন্দার কাছে একটি যাত্রীবাহী ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে মৃত্যু হয় অন্তত ৭৭ জনের।
জুলাই, ২০১১: ফতেহপুরে একটি মেইল ট্রেন লাইনচ্যুত হয়ে ৭০ জন মারা যায়, আহত হয় তিনশর বেশি।
নভেম্বর, ২০১৬: উত্তর প্রদেশে একটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয় ১৪৬ জনের প্রাণ যায়, দুইশর বেশি আহত হয়।
জানুয়ারি, ২০১৭: অন্ধ্রে একটি যাত্রীবাহী ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে মৃত্যু হয় ৪১ জনের।
অক্টোবর, ২০১৮: পাঞ্জাবের অমৃতসরে এক উৎসব উপলক্ষে রেললাইনের ওপর জড়ো হওয়া কয়েকশ মানুষের ওপর দিয়ে একটি কমিউটার ট্রেন চলে গেলে ৫৯ জনের মৃত্যু হয়, আরও ৫৭ জন আহত হন।
