গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘন্টায় ২১০ জন নিহত
হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে, এ নিয়ে গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলার শুরু থেকে ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১,৩২০ জনে।
গাজায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত ২১০ জন নিহত এবং ৩৬০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের হিসাবে, এ নিয়ে গত ৭ অক্টোবর ইসরায়েলের হামলার শুরু থেকে ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩২০ জনে। আর আহতের সংখ্যা হয়েছে ৫৫,৬০৩।
গোটা অঞ্চলজুড়েই লড়াই চলছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে,তাদের সেনারা গাজা সিটির দারাজ এবং তুফায় আছে।
বিবিসি জানায়, বৃহস্পতিবার গাজাজুড়ে উত্তরের লাহিয়া, দক্ষিণের খান ইউনিস এবং মধ্যাঞ্চলীয় মাঘাজি শরণার্থী শিবিরে বোমা হামলা চলার খবর পাওয়া গেছে।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সেনারা কয়েকটি অর্থ লেনদেনস্থলে তল্লাশি চালিয়ে লাখ লাখ ইসরায়েলি মুদ্রা শেকেল জব্দ করেছে।
জাতিসংঘ প্রতিবেদনে পশ্চিম তীরের মানবাধিকার লঙ্ঘন নিয়ে বলা হয়েছে, ফিলিস্তিনিরা সেখানে ইসরায়েলি বাহিনী এবং বসতিস্থাপনকারীদের কাছ থেকে অনবরত সন্ত্রাসী হামলার ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ১২০০ জন নিহত এবং ২৪০ জন জিম্মি হওয়ার পর থেকে দু’পক্ষের মধ্যে শুরু হওয়া যুদ্ধের দুই মাস পেরিয়েছে।
