‘আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট’, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ইহুদিরা কেন ডেমোক্র্যাটদের ভোট দেয় সে প্রশ্ন তুলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলে নিজের জনপ্রিয়তা ৯৯ শতাংশ বলে দাবি করেছেন।
মার্কিন ইহুদিদের বেশিরভাগই কেন ডেমোক্র্যাটিক পার্টিকে ভোট দেয়, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি নিজেকে ইসরায়েলের সবচেয়ে বন্ধুসুলভ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। এ সময় তিনি ২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে সই হওয়া পারমাণবিক চুক্তির কড়া সমালোচনা করেন।
ইহুদিদের ভোটদানের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “একজন ইহুদি কীভাবে ডেমোক্র্যাটদের ভোট দিতে পারে, তা আমি বুঝি না। কারণ, ইসরায়েলের ইতিহাসে আমিই সেরা মার্কিন প্রেসিডেন্ট এবং তারা তা স্বীকারও করে। আমি মনে করি ইসরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ বা এরকম কিছু।”
তবে ইসরায়েলিদের মধ্যে ঐতিহাসিকভাবে ট্রাম্পের জনপ্রিয়তা থাকলেও সম্প্রতি তা কমেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক স্ইয়ের পর ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হওয়ায় এমনটি হয়েছে।
অনেক পর্যবেক্ষকের মতে, এই চুক্তি ইসরায়েলের নিরাপত্তার ক্ষেত্রে ২০১৫ সালের ওবামার আমলের চুক্তির চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ।
ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট-এর গত মাসের এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের কাছে ইসরায়েলের নিরাপত্তা অন্যতম প্রধান বিবেচ্য বিষয় বলে মনে করেন মাত্র ৪৪ শতাংশ ইসরায়েলি।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে নিজের প্রথম মেয়াদ এবং ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময়ও বারবার প্রশ্ন তুলেছিলেন কেন মার্কিন ইহুদিরা ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটদের ভোট দেয়? তিনি বলেছিলেন, যেসব ইহুদি ডেমোক্র্যাটদের ভোট দেয়, তাদের “মাথা পরীক্ষা করা উচিত।”
২০১৬, ২০২০ এবং ২০২৪ সালের বুথফেরত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ইহুদি ট্রাম্পের পরিবর্তে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থীকেই ভোট দিয়েছে। গত এপ্রিলের এক জরিপে দেখা যায়, মাত্র ২২ শতাংশ মার্কিন ইহুদি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কার্যকলাপ সমর্থন করে।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
