থাইল্যান্ডে কয়েকদিন সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের মৃতদেহ উদ্ধার
এই শ্রমিকরা বৃহস্পতিবার পর্যন্তও জীবিত ছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের দুইজন চীনের এবং একজন মিয়ানমারের নাগরিক।
থাইল্যান্ডে ট্রেন চলাচলের একটি ধসে পড়া সুড়ঙ্গের ভেতরে কয়েকদিন ধরে আটকে পড়ে থাকা তিন বিদেশি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই শ্রমিকরা বৃহস্পতিবার পর্যন্তও জীবিত ছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের দুইজন চীনের এবং একজন মিয়ানমারের নাগরিক।
বিবিসি জানায়, রাজধানী ব্যাংকক থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে পাক চং জেলায় শনিবার এই শ্রমিকরা সুড়ঙ্গটি নির্মাণ করার সময় এর অংশবিশেষ ধসে তারা আটকা পড়ে।
শুক্রবার কর্তপক্ষ জানায়, তিন শ্রমিকই মারা গেছে। প্রথমিক তদন্তে জানা যায়, বাতাসের অভাবের কারণে তাদের মৃত্যু হয়েছে।
সুড়ঙ্গটি নির্মাণাধীন ছিল এবং থাইল্যান্ড-চীন দ্রুতগতির রেলওয়ে প্রকল্পের আওতায় এর নির্মাণকাজ চলছিল। গত শনিবার স্থানীয় সময় প্রায় ২৩ টা ৪০ মিনিটে ভূমিধসের কারণে সুড়ঙ্গটি ধসে পড়ে।
স্টেট রেলওয়ে অব থাইল্যান্ড (এসআরটি) এবং একটি চীনা দুর্যোগ কার্যক্রম দলের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দলের কর্মীরা গত সপ্তাহ ধরে ওই শ্রমিকদের উদ্ধারের আশায় কাজ করেছে।
শ্রমিকদের বাঁচানোর জন্য সুড়ঙ্গে অক্সিজেন পাম্প করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু অক্সিজেন পৌঁছানোর জন্য যেসমস্ত টিউব ব্যবহার করা হয়েছিল তা শ্রমিকদের কাছে পৌঁছেছিল কি না, তা স্পষ্ট নয়।
বৃহস্পতিবার উদ্ধারকারীরা মাটি ও পাথরের স্তূপের নিচে চাপা পড়ে থাকা এক বার্মিজ ট্রাকচালকের লাশ দেখতে পান।
এরপর শুক্রবার আটকা পড়া দুই চীনা শ্রমিক, একজন সুপারভাইজার এবং একজন খননকারী অপারেটরের মৃতদেহ পাওয়া যায় বলে জানিয়েছে এসআরটি।
মৃতদেহগুলো সুড়ঙ্গ ধসের স্থান থেকে প্রায় ২৫ মিটার দূরে পাওয়া গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধারকারীরা গত বুধবার আটকা পড়া একজনের মাত্র এক মিটারের মধ্যে চলে গিয়েছিলেন।
একই দিনে তারা কিছু অস্পষ্ট আওয়াজও শুনতে পান। ফলে তারা ধারণা করেছিলেন, আটকা পড়াদের কাছাকাছি পৌঁছে গেছেন। স্ক্যানার এবং কুকুরও হৃদস্পন্দনসহ গুরুত্বপূর্ণ সংকেত পেয়েছিল। এতে শ্রমিকরা বেঁচে আছেন বলে আশার সঞ্চার হয়েছিল।
কিন্তু ভূমিধসের কারণে উদ্ধার প্রচেষ্টা ধীরে চলে। অবিরাম মাটি ও পাথর খসে পড়তে থাকায় সুড়ঙ্গের গভীরে যাওয়া উদ্ধারকারীদের জন্য সমস্যাশঙ্কুল হয়ে দাঁড়ায়।
থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “প্রকৌশলের সীমাবদ্ধতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে।”
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কেউ চায়নি এমন ঘটুক। আমাদের কেবল ক্ষতিগ্রস্তদের জীবন বাঁচানোর চেষ্টাই করতে হয়নি, উদ্ধারকারীদের নিরাপত্তাও নিশ্চিত করতে হয়েছে।”
শুক্রবার সুড়ঙ্গ থেকে তিনজনের লাশ বের করে আনা হয়েছে। থাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সুড়ঙ্গটি ঘিরে নির্মাণকাজ আপাতত বন্ধ রাখা হয়েছে।
