২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

যুদ্ধ শেষ করার শর্ত কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পাঠানো হয়েছে: তেহরান

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব বলেছেন, সৌদি আরব ও হুতিদের মধ্যকার যুদ্ধের অবসান চায় ইরান।

যুদ্ধ শেষ করার শর্ত কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পাঠানো হয়েছে: তেহরান

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব মোহসেন রেজায়ি। ছবি: ইরানওয়্যার 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 12:20 AM

Updated : 20 Sep 2026, 12:34 AM

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব মোহসেন রেজায়ি জানিয়েছেন, যুদ্ধ শেষ করার আলোচনার জন্য তেহরানের শর্তাবলী মধ্যস্থতাকারী কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে আর ইরান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় আছে।

শনিবার আল জাজিরার সঙ্গে এক বিস্তারিত সাক্ষাৎকারে রেজায়ি আলোচনার জন্য তেহরানের শর্তাবলী, ওয়াশিংটনের প্রতি ইরানের কৌশল এবং চূড়ান্ত যুদ্ধের জন্য দেশটির প্রস্তুতির বিষয়গুলো তুলে ধরেন বলে জানিয়েছে কাতারের দোহা ভিত্তিক সংবাদমাধ্যমটি।

যুদ্ধ শেষ করতে ইরানের প্রধান শর্তগুলোর মধ্যে সব যুদ্ধক্ষেত্রে আক্রমণ বন্ধ করা, ইরানের জব্দ করা তহবিল মুক্ত করা এবং নৌ-অবরোধের অবসান উল্লেখযোগ্য বলে জানিয়েছেন রেজায়ি।

সাক্ষাৎকারে রেজায়ি আরও জানান, কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলমান আছে আর আলোচনার জন্য তেহরান নিজেদের শর্তাবলী তাদের কাছে পৌঁছে দিয়েছে।

তিনি বলেন, যুদ্ধ থেকে বের হয়ে আসার জন্য ওয়াশিংটনের স্বার্থেই ইরানের শর্ত গ্রহণ করতে হবে। ট্রাম্পের হুমকিতে কোনো ফল হবে না আর ইরান একটি চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত।

রেজায়ি জানান, সমঝোতা স্মারক থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর ওয়াশিংটনের প্রতি নিজেদের কৌশল পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে ইরান নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, ইরান বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের মূল্যায়ন ও হিসাব-নিকাশ ত্রুটিপূর্ণ ছিল আর যুদ্ধের উস্কানি দিয়েছে নেতানিয়াহু।

ইরান মার্কিন সামরিক বাহিনীর দুর্বলতা জানে আর তাদের বিমান হামলা মোকাবেলার জন্য আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত বলে দাবি করেন রেজায়ি। সম্প্রতি ইরান একটি মার্কিন বিমানবাহী রণতরীর কাছে জাহাজা বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, ইরান প্রতিরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন আর হামলার শিকার হলে পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে ও ওয়াশিংটনের স্বার্থগুলোতে আরও শক্তি দিয়ে আঘাত হানবে।

যুদ্ধ অবসানে ইরানের শর্তগুলো তিনি স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি বলেন, “যুদ্ধ অবসানে ইরানের প্রধান শর্তগুলো হল: সব যুদ্ধক্ষেত্রে লড়াই বন্ধ করতে হবে, জব্দ সম্পদ মুক্ত করতে হবে এবং নৌ-অবরোধ তুলে নিতে হবে।”

কাতারের মাধ্যমে এসব শর্ত যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছে আর প্রেসিডেন্ট ট্রাম্পের জবাবের অপেক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।

রেজায়ি আরও জানান, সৌদি আরব ও হুতিদের মধ্যকার যুদ্ধের অবসান চায় ইরান আর তার বিশ্বাস, হুতিরাও সৌদি আরবের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায়।