গাজায় যুদ্ধ বন্ধের শেষ সুযোগ নিয়ে ইসরায়েল-হামাসকে ব্লিনকেনের সতর্কবার্তা
বন্দি মুক্তি, যুদ্ধবিরতি অর্জন এবং সবাইকে স্থায়ী শান্তি ও নিরাপত্তার পথে সুপরিচালিত করার জন্য এটিই চূড়ান্ত মুহুর্ত এবং শেষ সুযোগ হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
গাজায় চলমান যুদ্ধের অবসান ও বন্দি মুক্তির চুক্তির জন্য সর্বসাম্প্রতিক এই প্রচেষ্টাই সম্ভবত সবচেয়ে ভাল এবং শেষ সুযোগ হতে পারে বলে ইসরায়েল ও হামাসকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
তিনি দুপক্ষকেই এই সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানিয়েছেন। কিন্তু ব্লিনকেনের ইসরায়েল সফরের দিনেই তেল আবিবে বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে বহু বছর পর আবার দেশটির ভেতরে হামাসের আত্মঘাতী বোমা হামলা নতুন করে শুরুর ঘোষণা, আর অন্যদিকে গাজায় ইসরায়েলের চলমান বোমা হামলার প্রেক্ষাপটে দুইপক্ষের যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই প্রতীয়মান হচ্ছে।
গত সপ্তাহে গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতারের আলোচনা কোনও অগ্রগতি ছাড়াই শেষ হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব নিয়ে এ সপ্তাহে আলোচনা আবার শুরুর কথা রয়েছে।
তার আগে ইসরায়েল সফরে গিয়ে ব্লিনকেন সোমবার সকালে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন।
তাদের সঙ্গে এই বৈঠকের প্রাক্কালে ব্লিনকেন বলেন, “এটি চূড়ান্ত মুহূর্ত। বন্দি মুক্তি, যুদ্ধবিরতি অর্জন এবং সবাইকে স্থায়ী শান্তি ও নিরাপত্তার পথে সুপরিচালিত করার জন্য সম্ভবত সবচেয়ে ভাল ও শেষ সুযোগ হতে পারে এটি।”
ইসরায়েল ও হামাসের মধ্যে মাসের পর মাস ধরে কখনও চলমান আবার কখনও থমকে থাকা আলোচনা ঘুরপাক খেয়েছে কয়েকটি বিষয়কে কেন্দ্র করে।
ইসরায়েল হামাসের সামরিক ও রাজনৈতিক শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলে আসচে। অন্যদিকে হামাস সাময়িক নয় বরং স্থায়ী যুদ্ধবিরতির শর্তেই চুক্তিতে রাজি হবে বলে জানিয়ে আসছে।
