আরব আমিরাত সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি
আমিরাতের প্রেসিডেন্ট গতমাসে প্রথম পাকিস্তান সফরের পর এবার জারদারি এই সফরে যাচ্ছেন। তার সঙ্গে যাচ্ছে উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত তিনি এই সফর করবেন।
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চার দিনের সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সোমবারই তিনি এই সফরে রাওনা হচ্ছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, এই সফরে প্রেসিডেন্টের সঙ্গে যাচ্ছে উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল। সোমবার (২৬ জানুয়ারি) থেকে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত তিনি এই সফর করবেন। এ সময় আরব আমিরাতের নেতাদের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠক করবেন তিনি।
দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা, বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রসহ অর্থনৈতিক অংশীদারিত্ব ও নিরাপত্তা এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে বৈঠকে আলোচনা হবে। তাছাড়া, পারস্পরিক স্বার্থসংস্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হবে।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান গত মাসে প্রথমবারের মতো পাকিস্তানে আনুষ্ঠানিক সফর করেছেন। তারপরই পাকিস্তানের প্রেসিডেন্ট আমিরাতে এই সফরে যাচ্ছেন।
পাকিস্তান এবং আরব আমিরাতের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক আছে। ইসলামাবাদ অর্থনৈতিক সংকটে থাকার সময় আবুধাবি গুরুত্বপূর্ণ সমর্থন-সহায়তা দিয়েছে। তাছাড়া, চীন ও যুক্তরাষ্ট্রের পর আরব আমিরাতই পাকিস্তানের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৃহত্তর বাণিজ্য ও অর্থনৈতিক বন্ধনের চেষ্টায় থাকা পাকিস্তান সম্প্রতি কয়েকমাসে কয়েকশ কোটি ডলারের চুক্তি সই করে আরব আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়েছে।
২০২৪ সালের জানুয়ারিতে পাকিস্তান ও ইউএই রেলওয়ে, অর্থনীতি এবং অবকাঠামো খাতে ৩শ’কোটিরও বেশি ডলারের সহযোগিতামূলক চুক্তি সই করেছে। তাছাড়া, পাকিস্তানে বিদেশি বিনিয়োগের একটি প্রধান উৎস আরব আমিরাত।
সূত্র: আরব নিউজ/দ্য ডন।
