দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ে চমক দেবে বিজেপি?
লিঙ্গ ভারসাম্য, জাতিগত সমীকরণ ও রাজনৈতিক অভিজ্ঞতার মতো সব অঙ্ক কষে মুখ্যমন্ত্রী বাছাই করতে পারে ভারতীয় জনতা পার্টি।
ভারতে ২৭ বছর পর ফের একবার রাজধানী দিল্লিতে ক্ষমতা নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নতুন মুখ্যমন্ত্রী কে হতে পারে তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জল্পনা।
এর মধ্যেই বিজেপি’র এক নেতা বলেছেন, মুখ্যমন্ত্রী বাছাইয়ে বিজেপি চমক দিতে পারে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকাও বলছে, লিঙ্গ ভারসাম্য, জাতিগত ও সম্প্রদায়গত সমীকরণ এবং রাজনৈতিক অভিজ্ঞতার মতো সব অঙ্ক কষেই এবার বিজেপি মুখ্যমন্ত্রী বাছাই করতে পারে।
ভোটব্যাঙ্কের বিষয়টিও বিজেপির মাথায় থাকবে। এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে পঞ্জাবি, ব্যবসায়ী এবং দলিত শ্রেণীর গরিবরাও বিজেপি-কে ভোট দিয়েছে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বাছাইয়ের ক্ষেত্রেও তা খেয়াল রাখবে বিজেপি।
দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে| এর মধ্যে প্রথমেই আছেন:
পরবেশ বর্মা:
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার ছেলে পরবেশ। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দিল্লি বিধানসভা নির্বাচনে জায়ান্ট কিলার হয়ে ওঠেন পরবেশ বর্মা।
২০১৩ সাল থেকে নয়াদিল্লি বিধানসভা আসনে টানা তিনবার জিতেছিলেন কেজরিওয়াল। কিন্তু চতুর্থবারে সফল হলেন না। বরং তাকে হারিয়ে ৪৮ বছর পর নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে বিজেপি-কে জিতিয়েছেন পরবেশ। ফলে মুখ্যমন্ত্রী পদের প্রধান দাবিদার হিসাবেই দেখা হচ্ছে তাকে।
আরও যে নামগুলো বিজেপি-র ভেতর মহল থেকে উঠে আসছে, সেগুলো যথেষ্ট চমকপ্রদ:
বাঁশুরি স্বরাজ:
ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুস্বমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজের নামও উঠে আসছে। দিল্লি থেকে তিনি প্রথমবার সাংসদ হন। লোকসভা নির্বাচনে নয়াদিল্লি আসনে জয়ী হয়েছিলেন বাঁশুরি। এই আসনে একসময় অটল বিহারী বাজপেয়ী এবং এলকে আডবাণী জিতেছিলেন। সেই আসনে লড়াই করে বাঁশুরি নিজেকে যোগ্য প্রমাণ করেছেন। তার হাতেও দিল্লির দায়িত্ব তুলে নিতে পারে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
স্মৃতি ইরানি:
দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নাম উঠে আসছে স্মৃতি ইরানিরও ৷ দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রচারে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন তিনি।
রমেশ ভাদুড়ি:
সাবেক এই সাংসদ গুর্জর নেতা হিসাবে যথেষ্ট জনপ্রিয়। তিনি আম আদমি পার্টি (আপ) নেতা অতিশীর বিরুদ্ধে লড়াই করেছেন। দিল্লিতে বিজেপি-র অন্যতম মুখ এই রমেশ ভাদুড়ি।
এ তিনজন ছাড়াও দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন- বিজেপি নেতা রমেশ বিধুরি এবং বিজেপি-র আর এক আদিবাসী নেতা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতম৷
দুষ্মন্ত গৌতম:
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি এর আগেও সামলেছেন। দলিত নেতা হিসাবে তার বেশ নামডাক রয়েছে। দিল্লির করোল বাগ থেকে তিনি লড়েছিলেন।
আরও আছেন, জানকপুরী বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত আশিস সুদ, উত্তমনগর বিধানসভা থেকে নির্বাচিত পবন শর্মা, দিল্লির সাবেক বিজেপি প্রেসিডেন্ট বিজেন্দ্র গুপ্ত এবং দিল্লি বিজেপি-র সাবেক সভাপতি সতীশ উপাধ্যায়।
তবে দিল্লি জয়ের পর বিজেপি এবার পাঞ্জাব ও বিহারে নজর দিতে চাইছে। সেক্ষেত্রে কোনও শিখ নেতার কথা ভাবা হতে পারে। তেমন হলে লড়াইয়ে থাকবেন মজিন্দ্র সিংহ সিরসা বা মনোজ তিওয়ারির মতো নেতা। লড়াইয়ে থাকতে পারেন দিল্লির সাবেক মন্ত্রী অরবিন্দর সিং লাভলিও।
আর নারীদের মধ্যে মুখ্যমন্ত্রী করার কথা ভাবা হলে বাঁশুরি ও স্মৃতি ইরানি ছাড়াও তালিকায় থাকতে পারেন- দিল্লি বিজেপির প্রথম সারির নারী মুখ রেখা গুপ্ত এবং শিখা রায়।
অতীতে মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে চমক দিয়েছিল বিজেপি। জল্পনায় ছিল না এমন কাউকে বেছেছিল তারা। এবারও তেমন কিছু হলেও হতে পারে। তবে এখন পর্যন্ত পরবেশ বর্মা, সতীশ উপাধ্যায় এবং বীরেন্দ্র সচদেবের মধ্যেই আসল লড়াই হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলে তারপর মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান হবে। এনডিএ-র শাসনে থাকা রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা শপথ অনুষ্ঠানে থাকবেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সরকার গঠন নিয়ে রোববার আলোচনা করেছেন। বিজেপি দিল্লি বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শাহ এবং নাড্ডার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।
