২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের একটি ‘বিচক্ষণ’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার রাতে আলোচনার জন্য পাকিস্তানে যাওয়ার কথা নিশ্চিত করে জানানোর মধ্যেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ একথা বললেন।

ইরানের একটি ‘বিচক্ষণ’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী
পিট হেগসেথ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2026, 09:36 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সামনে এখন ওয়াশিংটনের সঙ্গে একটি ভালো ও বিচক্ষণ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ডান কেইনের সঙ্গে শুক্রবার এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে হেগসেথ একথা বলেন।

পাকিস্তানের তিন কর্মকর্তা শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনা খুব শিগগিরই শুরু হতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিশ্চিত করে জানিয়েছেন যে, তিনি শুক্রবার রাতেই আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছিল, আরাকচি শুক্রবার পাকিস্তান, মাস্কাট ও মস্কো সফরে যেতে পারেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে বলে পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্রও সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানিয়েছে।

পাকিস্তানে আলোচনার এই সম্ভাবনার মাঝেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ একটি ভাল চুক্তি করার সুযোগের কথা বললেন।

তিনি বলেন, “ইরান জানে যে, আলোচনার টেবিলে তাদের বিচক্ষণভাবে চুক্তির পথ বেছে নেওয়ার দ্বার এখনও খোলা আছে...তাদেরকে যা করতে হবে তা হল, পারমাণবিক অস্ত্রের পথ অর্থবহভাবে পরিহার করা।”

তবে হেগসেথ সাফ জানিয়ে দেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বজায় থাকবে। তিনি বলেন, “আমাদের হাতে অফুরন্ত সময় আছে। আমরা চুক্তি করার জন্য মোটেও তাড়াহুড়ো করছি না। বল ইরানের কোর্টে।”