‘ইউরোপ সঠিক পথে এগুচ্ছে না’: দাভোসের ভাষণে ট্রাম্প
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে সেখানে সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ফোরামের মূল মঞ্চে ইউরোপ নিয়ে এই বক্তব্য রেখেছেন তিনি।
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে সংঘাতের আবহে সুইজারল্যান্ডের দাভোসে পৌঁছে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণের শুরুতেই ইউরোপকে বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
‘ইউরোপ সঠিক পথে এগুচ্ছে না’- বললেন তিনি। ইউরোপ তার কাছে অচেনা ঠেকছে উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমি ইউরোপকে ভালবাসি। আমি চাই তারা ভাল করুক। কিন্তু ইউরোপ সঠিক পথে চলছে না।”
বুধবার দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে সেখানে সফর করছেন ট্রাম্প। ফোরামের মূল মঞ্চে বক্তব্য রাখছেন তিনি।
তার এই সফরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কৌতুহল এবং উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। কারণ, সম্প্রতি ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি, বাণিজ্য যুদ্ধ এবং ইউরোপের সঙ্গে টানাপড়েনের প্রেক্ষিতে ভাষণে তিনি গ্রিনল্যান্ডসহ অন্য বিভিন্ন বিষয়ে কী বার্তা দেন সেদিকেই নজর বিশ্ব নেতাদের।
গ্রিনল্যান্ড দখলের প্রশ্নে ট্রাম্পের আগ্রাসী অবস্থানের জেরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাই এবার প্রকাশ্যে বিরোধিতা করছেন। ট্রাম্প দাভোসের মাটিতে পা দিতেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গ্রিনল্যান্ড দখল নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁও বলেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত নয়, সবচেয়ে শক্তিশালীর কথার কাছে মাথা নত করা। তবে ভাষণে ট্রাম্প ফের গ্রিনল্যান্ডকে জাতীয় কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, গ্রিনল্যান্ডে বিরল খনিজের মতো কিছু নেই। সেখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল কৌশলগত জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা। সেকারণে গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে তিনি তাৎক্ষণিকভাবে আলোচনা চান বলে জানান।
ট্রাম্প বলেন, আমেরিকার প্রেসিডেন্টরা দুই শতাব্দী ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করে আসছেন। তাছাড়া, দ্বীপটিতে ডেনমার্কের উপস্থিতির কোনও চিহ্ন নেই এবং সেখানে ডেনমার্ক তাদের প্রতিশ্রুত অর্থের চেয়ে কম খরচ করছে।
সেকারণে কেবল যুক্তরাষ্ট্রই গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে এবং উন্নত করে গড়ে তুলতে পারবে বলে ট্রাম্প দাবি করেন। গ্রিনল্যান্ডে শক্তি প্রয়োগ করতে চান না বলেও জানান তিনি।
গ্রিনল্যান্ড দখলে নেওয়াটা নেটোর জন্য ধাক্কা হবে এমন অভিযোগ নাকচ করেছেন ট্রাম্প। তিনি বলেন, “আমরা যা করি নেটো তার প্রশংসা করেনা। তারা আমাদের সঙ্গে অন্যায় আচরণ করেছে। আমরা তাদেরকে অনেক দিয়েছি। কিন্তু বিনিময়ে পেয়েছি অনেক কম।”
ট্রাম্পের এই ভাষণ চলেছে এক ঘণ্টারও বেশি সময় নিয়ে। এই ভাষণে তিনি গ্রিনল্যান্ড ছাড়াও ভেনেজুয়েলা এবং বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলেছেন।
ভেনেজুয়েলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অধীনে দেশটি অনেক বেশি অর্থ আয় করতে পারবে মাত্র আগামী ৬ মাসেই, যা তারা ২০ বছরেও পারেনি।
তার প্রেসিডেন্সির আমলে তেল ও গ্যাস উৎপাদন বাড়ছে উল্লেখ করে ট্রাম্প বলেন, (যুক্তরাষ্ট্রের) হামলা শেষের পর তারা (ভেনেজুয়েলা) চুক্তি করার কথা বলেছে। আরও অনেকেরই সেটা করা উচিত।
অন্যদিকে, বিভিন্ন বাণিজ্য চুক্তির বিষয়ে ট্রাম্প বলেন, তার ক্ষমতার এক বছরে যুক্তরাষ্ট্রের মাসিক বাণিজ্য ঘাটতি ৭৭ শতাংশ কমিয়ে এনেছেন তিনি। মুদ্রাস্ফীতিও বাড়েনি। যেটি করা সম্ভব ছিল না বলে মত দিয়েছিল প্রত্যেকেই।
অংশীদারদের সঙ্গে অনেক ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করেছেন বলেও বক্তব্যে জানান ট্রাম্প। তেল ও গ্যাস নিয়ে এসব চুক্তি হয়েছে ইউরোপের কয়েকটি দেশ, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে।
এর ফলে কেবল যুক্তরাষ্ট্রই নয় চুক্তি করা দেশগুলোরও শেয়ারবাজার চাঙ্গা হয়েছে এবং সম্পদ বেড়েছে বলে ট্রাম্প দাবি করেন।
