১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের উত্তরপশ্চিমে এক রাতেই জঙ্গিদের ৮ হামলা, ৬ পুলিশ নিহত

খাইবার পাখতুনখোয়ার ৭টি জেলায় থানা, চেকপয়েন্ট ও টহল দল লক্ষ্য করে এ হামলাগুলো হয়েছে।

পাকিস্তানের উত্তরপশ্চিমে এক রাতেই জঙ্গিদের ৮ হামলা, ৬ পুলিশ নিহত
তেহরিক-ই-তালেবানের সশস্ত্র যোদ্ধারা। ফাইল ছবি। ছবি: ডন

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 06:15 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

পাকিস্তানের উত্তরপশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গিরা এক রাতেই গুলি ও গ্রেনেড দিয়ে পুলিশের ওপর ৮টি আলাদা হামলা চালিয়ে বাহিনীটির অন্তত ৬ সদস্যকে হত্যা করেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। 

হামলাকারীরা আফগানিস্তান সীমান্তবর্তী প্রদেশটির ৭টি জেলায় থানা, চেকপয়েন্ট ও টহল দল লক্ষ্য করে হামলাগুলি চালায়, বৃহস্পতিবার এমনটিই জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আলি বাবাখেল।

কিছু হামলায় জঙ্গিরা রকেটচালিত গ্রেনেড নিক্ষেপক ব্যবহার করেছে। হামলায় ৯ পুলিশ সদস্য আহত হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন। 

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের এ অঞ্চলে জঙ্গি হামলা বেড়েছে, যা সীমিত সরঞ্জাম ও অতিরিক্ত চাপের মুখে থাকা পুলিশ বাহিনীর জন্য ব্যাপক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

তেহরিক-ই-তালেবান (টিটিপি) এই হামলাগুলোর দায়িত্ব স্বীকার করেছে। পাকিস্তানি এ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে আফগানিস্তানে ক্ষমতায় থাকা তালেবানের যোগসাজশ রয়েছে। 

বেশ কয়েকটি সুন্নি ইসলামি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত টিটিপি ২০০৭ সাল থেকে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছে। তাদের লক্ষ্য হচ্ছে এখনকার শাসনব্যবস্থা বদলে দেশটিতে শরিয়া আইন কায়েম করা। 

২০২২ সালের শেষদিকে টিটিপি পাকিস্তান সরকারের সঙ্গে থাকা যুদ্ধবিরতি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পর থেকে বিশেষ করে উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গি হামলার হার ও মাত্রা বেড়ে গেছে।  

গত বছর পাকিস্তানজুড়ে ইসলামপন্থি এ সশস্ত্র গোষ্ঠী ৩৩৫টি হামলায় অন্তত ৫২০ জন নিহত হয়েছে বলে স্বাধীন সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের হিসাব বলছে। 

পাকিস্তান বলছে, টিটিপি জঙ্গিরা প্রতিবেশী আফগানিস্তান থেকেই তাদের তৎপরতা চালাচ্ছে, সেখানেই তারা যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে ও হামলার পরিকল্পনা করছে। 

কাবুল এ অভিযোগ অস্বীকার করে আসছে।