‘বলেন একটা, করেন আরেকটা’, ইরান নিয়ে দ্বিধায় ট্রাম্প?
বারবার অবস্থান বদলের কারণে অনেক পর্যবেক্ষকই ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্টের আদৌ কোনো সুস্পষ্ট কৌশল বা লক্ষ্য আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
গত এক সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরান নিয়ে যতকিছু বলেছেন, তার অনেকগুলোই একে অপরের সঙ্গে সাংঘর্ষিক।
তিনি একবার যুদ্ধ বন্ধে আহ্বান জানিয়ে শান্তি ‘শিগগিরই’ আসছে বলে ইঙ্গিত দিয়েছিলেন, পরে আবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার সম্ভাবনা এবং ইরানে হামলায় ওয়াশিংটনের যুক্ত হতে পারে বলেও আভাস দেন।
তার এমন ইঙ্গিতের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ তুঙ্গে উঠে যায়। বিশ্বজুড়ে শুরু হয় নানান জল্পনা-কল্পনা, বাড়তে থাকে উদ্বেগ। তার মধ্যেই সর্বশেষ বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানায়, ইরান যুদ্ধে যোগ দেবেন কিনা সে বিষয়ে ট্রাম্প দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবেন।
বারবার এমন অবস্থান বদলের কারণে অনেক পর্যবেক্ষকই ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্টের আদৌ কোনো সুস্পষ্ট কৌশল বা লক্ষ্য আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, জানিয়েছে আল জাজিরা।
অনেকেই বলছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই ট্রাম্পকে এ যুদ্ধে টেনে নামাচ্ছেন। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাক—কট্টরপন্থি নেতানিয়াহু এটা কয়েক দশক ধরেই চাইছেন।
কেউ কেউ আবার বলছেন, ট্রাম্প আসলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছেন না। তিনি চাইছেন, গরম গরম কথা বলে তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি বিসর্জনে রাজি করাতে।
মার্কিন প্রেসিডেন্টের মনে কী চলছে, তা তো আর বলা যাচ্ছে না। কিন্তু তার দোদুল্যমানতা যুক্তরাষ্ট্র ও ইরানকে একে অপরের বিরুদ্ধে একটি সর্বাত্মক ও দীর্ঘ যুদ্ধে নামিয়ে দিতে পারে, বলছেন বিশেষজ্ঞরা।
ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের সভাপতি জামাল আবদি বলছেন, ট্রাম্প হয়তো হুমকির মাধ্যমে চাপ তৈরি করে ইরানকে ‘সম্পূর্ণ আত্মসমর্পণের’ দাবিতে রাজি করাতে চাচ্ছেন।
“আমার মনে হয়, তিনি নিজেকে একজন খামখেয়ালি উন্মাদ হিসেবে উপস্থাপন করতে চাইছেন, যেন তিনি কী করবেন, তা বোঝা না যায়। এর মাধ্যমে তিনি ইরানের ওপর এমন কঠোর শর্ত চাপিয়ে দিতে চান, যেটি তারা দশকের পর দশক ধরে প্রত্যাখ্যান করে আসছে—যেমন পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির সম্পূর্ণ বিলুপ্তি,” আল জাজিরাকে বলেছেন আবদি।
অবশ্য ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলোর আরেকটি ব্যাখ্যাও থাকতে পারে।
“সেটি হলো, তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর খপ্পরে পড়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে একটি পূর্ণমাত্রার যুদ্ধে নামিয়ে দিচ্ছেন,” বলেন আবদি।
‘বলেন একটা, করেন আরেকটা’
ট্রাম্প নেতানিয়াহুর খপ্পরে পড়েছেন বলে মনে করছেন ইরানি-আমেরিকার বিশ্লেষক নেগার মোরতাজাভিও।
“প্রেসিডেন্ট ট্রাম্প কী চান, তা তিনি নিজেই জানেন কিনা, আমি জানি না।
“নির্বাচনী প্রচারে তিনি নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে হাজির করেছিলেন। তিনি অঙ্গীকার করেছিলেন যুদ্ধ থামাবেন। রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ শেয় হয়নি। গাজা যুদ্ধের তীব্রতা বেড়েছে, এখন আবার তিনি তৃতীয় বৃহৎ মধ্যপ্রাচ্য যুদ্ধ হতে দিয়েছেন, যেটি মনে হচ্ছে ইরানের শাসনব্যবস্থা বদলানোর যুদ্ধ, তার আমলেই এটি হচ্ছে।
“তাই বলা যায়, তিনি বলেন একটা, করেন আরেকটা,” বলেছেন মোরাতাজাভি।
গত শুক্রবার ইসরায়েল ইরানের বিরুদ্ধে ‘রাইজিং লায়ন’ অভিযানে নামে। অথচ এর দুইদিন পর, রোববারই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ষষ্ঠ দফার আলোচনা হওয়ার কথা ছিল।
ইসরায়েলি অভিযান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেও ট্রাম্প কূটনীতিতে আস্থা রাখার কথা পুনর্ব্যক্ত করেছিলেন। তেল আবিবের হামলার পর প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র এই হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই বলে জোর দিয়ে বলারও চেষ্টা করেছিল।
তার কয়েকদিন পর, একেবারেই উল্টো অবস্থান নিয়ে ট্রাম্প ইরানে ইসরায়েলে হামলার কৃতিত্ব নেওয়া শুরু করেন।
“আমাদের এখন ইরানের আকাশের ওপর পুরোপুরি ও পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ রয়েছে,” মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এমনটাই লিখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, যদিও ‘আমাদের’ বলতে তিনি কাদের বুঝিয়েছেন তা খোলাসা করেননি।
ইসরায়েল গত কয়েকদিন ধরে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা, সামরিক ও পারমাণবিক স্থাপনা, তেল ক্ষেত্র ও আবাসিক ভবনে একের পর এক হামলা চালিয়ে কয়েকশ লোককে হত্যা করেছ। এর মধ্যে বেসামরিকরা ছাড়াও ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীরা রয়েছে।
এর পাল্টায় ইরানও শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যাতে অন্তত ২৪ ইসরায়েলির মৃত্যু হয়েছে বলে ভাষ্য তেল আবিবের। তেহরানের হামলায় ইসরায়েলজুড়ে অসংখ্য ভবন ও স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, তারা ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করতে চাইছেন। আর তাদের এ অভিযানে যদি ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন ঘটে যায়, তবে তাকে তারা স্বাগত জানাবেন।
ইসরায়েল ইরানের যেসব পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিতে চাইছে, তার অন্যতম হল ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি মাটির এত নিচে যে সেটি ধ্বংসে যে অস্ত্র লাগবে তা তেল আবিবের কাছে নেই, এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা লাগবে বলেই অনেকের বিশ্বাস।
মোরতাজাভি বলছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজরা এবং ইসরায়েলি কর্মকর্তারা এখন ট্রাম্পকে এটা বোঝাতে চাইছেন যে—ফোরদোতে বোমা মারা হল সবচেয়ে সহজ কাজ।
“ইরানের শাসক বদলানোর লড়াইটি মারাত্মক ও অপ্রয়োজনীয় হবে, এটি নিয়ে সবাই তাকে সতর্ক করছে এবং এটি তার নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতিরও বরখেলাপ হবে। তাই এর বদলে তারা (যুদ্ধবাজ কর্মকর্তা) এটা বলতে চাইছেন, ‘ও, আপনি আপনার বাঙ্কারবিধ্বংসী বোমা একবার ব্যবহার করুন, তাহলেই হবে।’”
কিন্তু ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ওপর যে কোনো মার্কিন হামলার কড়া জবাব দেবে তারা।
ইরানের ক্ষেপণাস্ত্রের যে পাল্লা, তার মধ্যেই মধ্যপ্রাচ্যে হাজার হাজার সেনা অবস্থান করছে। এদিকে তেহরান চাইলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটাতে পারবে। সেক্ষেত্রে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার মারাত্মক অস্থির হয়ে উঠবে।
ইরানি অনেক আইনপ্রণেতা এর মধ্যেই হরমুজ আটকে দেওয়ার হুমকি দিয়েছেন; উপসাগর ও ভারত মহাসাগরকে সংযুক্ত করা সঙ্কীর্ণ এই জলসীমা দিয়েই বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশ যায়।
‘সর্বনাশা’ যুদ্ধ
মোরতাজাভি বলছেন, ইরান-ইসরায়েল সংঘাত আরও বাড়লে এবং তাতে যুক্তরাষ্ট্র যোগ দিলে মধ্যপ্রাচ্যের জন্য তার পরিণতি হবে ‘সর্বনাশা’।
“এটা ইরাক আর আফগানিস্তান মিলিয়েও যা হয়েছিল, তার চেয়েও খারাপ হবে, যদি না আরও ভয়াবহ কিছু হয়। ইরান বেশ বড় দেশ,” বলেন এ নারী।
শাসক বদলাতে ইরাকে জর্জ বুশের যুদ্ধ দেশটিতে কয়েক বছরের গোষ্ঠীগত দ্বন্দ্ব ও রক্তক্ষয় নিয়ে এসেছিল, দেখেছিল ইসলামিক স্টেটের (আইএস) মতো চরমপন্থি গোষ্ঠীর উত্থান।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্র তালেবানকে কাবুল থেকে উৎখাত করার পর ২০ বছর ধরে যুদ্ধ চালিয়েও গোষ্ঠীটিকে নিঃশেষ করতে পারেনি, উল্টো মার্কিন বাহিনী দেশটি ছাড়ার সঙ্গে সঙ্গে সেই তালেবানের প্রত্যাবর্তন ঘটেছে।
এমনকী ইরানে যদি শাসনব্যবস্থা বদলেও ফেলা যায়, তাও মার্কিন যুদ্ধবাজদের আকাঙ্ক্ষা পূরণ হওয়ার নয়, বলছেন বিশ্লেষকরা। তাদের মতে, ইরানের জনসংখ্যা ৯ কোটির বেশি। শাসনব্যবস্থা উপড়ে ফেলে সেখানে যে অভ্যন্তরীণ সংঘাত, বাস্তুচ্যুতি দেখা যাবে তা পুরো অঞ্চলটিকে ভয়াবহ অস্থির করে তুলবে।
“এটা কালার রেভ্যুলেশন নয়। এটা হতে যাচ্ছে যুদ্ধ ও বিশৃঙ্খলা, সম্ভাব্য গৃহযুদ্ধ ও অস্থিরতা,” বলেছেন মোরতাজাভি।
যুদ্ধ তো ভয়াবহ পরিণতি ডেকে আনবেই; ট্রাম্প যদি সেটা বা ইরানের শাসনব্যবস্থা বদলাতে নাও চান, এবং কেবল হুমকি দিয়ে চাপে ফেলে তেহরানের কাছ থেকে সুবিধা আদায় করতে চান তারও ঝুঁকি আছে বলে মনে করেন মানবাধিকার গোষ্ঠী ডনের নির্বাহী পরিচালক সারাহ লিয়া হুইটসন।
“ইরানে আক্রমণের ঘটনা বাড়তে বাড়তে কেবল বিস্তৃত আঞ্চলিক যুদ্ধ নয়, বিশ্ব যুদ্ধেও রূপ নিতে পারে, এই আশঙ্কা অনেক বেশি।
“এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের লাগাতার যুদ্ধংদেহী অবস্থান ও উসকানিমূলক বক্তব্য আগুনে আরও ঘি ঢালছে,” আল জাজিরাকে বলেছেন হুইটসন।
