২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন যুদ্ধ অবসানে ম্যাক্রোঁ-ভন ডার লিয়েনের চীন মিশন

চীন ইউরোপের মিত্রদেশগুলোর মধ্যকার ফাটলের ফায়দা নেওয়ার চেষ্টায় থাকলেও ফ্রান্স এবং ইউরোপীয় কমিশনের দুই নেতা প্রেসিডেন্ট শি’র সঙ্গে সাক্ষাৎ করে একতারই বার্তা দেবেন।

ইউক্রেইন যুদ্ধ অবসানে ম্যাক্রোঁ-ভন ডার লিয়েনের চীন মিশন

ছবি:ইউটিউব ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 11:27 PM

Updated : 05 Apr 2023, 11:26 PM

ইউক্রেইন যুদ্ধ অবসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আরও পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিতে বেইজিং সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইউরোপীয় কমিশনের প্রধান ভন ডার লিয়েন।

চীন ইউরোপের মিত্রদেশগুলোর মধ্যকার ফাটলের ফায়দা নেওয়ার চেষ্টায় থাকলেও ম্যাক্রোঁ এবং ভন ডার লিয়েন দেশটির প্রেসিডেন্ট শি’র সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন। এর মধ্য দিয়ে তারা একতারই বার্তা দেবেন।

বিবিসি জানায়, বৃহস্পতিবার তারা বেইজিংয়ে পৌঁছবেন। তাদেরকে স্বাগত জানাবেন শি জিনপিং। ফ্রান্স এবং ইউরোপীয় কমিশনের দুই নেতার এই যৌথ সফর চীনের সঙ্গে জড়িত হওয়ার এক লক্ষ্যণীয় উদ্যোগ।

সম্প্রতি কয়েকমাসে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও চীন সফর করেছেন।

 তাদের মতো ম্যাক্রোঁ এবং ভন ডার লিয়েনও ইউক্রেইন যুদ্ধ বন্ধে চীনকে তাগাদা দেওয়ার পাশাপাশি বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এই দেশটির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাড়তে থাকা টানাপোড়েন সুকৌশলে সমাধান করার চেষ্টা নেবেন।

চীনের সঙ্গে একযোগে কাজ করে যাওয়া একটি টীম হিসাবেই তাদেরকে প্রত্যক্ষ করবে এ সফরের ওপর নজর রাখা ইউরোপীয়রা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসে ইউক্রেইন সমস্যা সমাধানের চেষ্টা নিয়েছিলেন। ফলে চীনে সঙ্গে আলোচনায়ও তিনি কৌশলী একজন ‘গুড কপ’ এর মতো ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।

ফ্রান্সের এলিসি প্রাসাদের এক মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, ইউক্রেইন যুদ্ধ অবসানে চীনের দেওয়া প্রস্তাবে একমত হওয়ার মতো কিছু বিষয় ম্যাক্রোঁ খুজে পেয়েছেন।

তবে ব্রাসেলস থেকে চীন সফরের ক্ষেত্রে ভন ডার লিয়েনকে কেউ কেউ ‘ব্যাড কপ’ বলছেন। কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক রয়েছে এবং নেটোর অবস্থান নিয়ে তিনি সোচ্চার। ফলে চীন সফরে এর নেতিবাচক প্রভাবের আশঙ্কা আছে।

কয়েকদিন আগেই ভন ডার লিয়েন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করে চলার জন্য চীনা প্রেসিডেন্ট শি’র কড়া সমালোচনা করে বক্তব্য রেখেছিলেন। চীনের ১২ দফা শান্তি প্রস্তাবও বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছিলেন তিনি।

ম্যাক্রো এবং লিয়েন দুইজনের চীনকে নিয়ে ইউরোপীয় চিন্তা-ভাবনায় স্পষ্টতই ভিন্নতা আছে, বলেছেন দ্য জার্মান মার্শাল ফান্ড থিংক ট্যাংক এর এন্ড্রু স্মল।

সফরে ম্যাক্রোঁর সফরসঙ্গী থাকছেন অন্তত ৫০ জন সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তা। আর ম্যাক্রোঁর আমন্ত্রণেই চীনে যাচ্ছেন ভন ডার লিয়েন। তারা ইউক্রেইন যুদ্ধ নিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় কি ফল নিয়ে আনতে পারেন সেদিকে নজর থাকবে সবার।