২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষ্ণাঙ্গকে হত্যায় দোষী সাব্যস্ত দুই পুলিশ কর্মকর্তাকে ট্রাম্পের ক্ষমা

২০২৪ সালের সেপ্টেম্বরে পুলিশ কর্মকর্তা টেরেন্স সাটন জুনিয়রকে ৬৬ মাস এবং অ্যান্ড্রু জাবাভস্কিকে ৪৮ মাস কারাদণ্ড দেওয়া হয়েছিল।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 23 Jan 2025, 06:23 PM

Updated : 26 Aug 2026, 11:38 AM

২০২০ সালে এক কৃষ্ণাঙ্গকে হত্যায় দোষী সাব্যস্ত দুই পুলিশ কর্মকর্তাকে ক্ষমা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ একথা জানিয়েছে।

বিচার বিভাগ জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে পুলিশ কর্মকর্তা টেরেন্স সাটন জুনিয়রকে ৬৬ মাস এবং অ্যান্ড্রু জাবাভস্কিকে ৪৮ মাস কারাদণ্ড দেওয়া হয়েছিল। 

তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২০ সালের ২৩ অক্টোবর তারা অনুমোদন ছাড়াই এক ব্যক্তিকে ধাওয়া করেন। পুলিশের ধাওয়ায় আতঙ্কিত হয়ে পালাতে গিয়ে ওয়াশিংটন ডিসি’র উত্তর-পশ্চিমে মোটরবাইক বিধ্বস্ত হয়ে ২০ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক কারন হিলটন-ব্রাউনের মৃত্যু হয়। 

মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানায়, ওই দুই পুলিশ কর্মকর্তা অনির্দিষ্টকালের জন্য বেতন ছাড়া বরখাস্ত ছিলেন।

নয় সপ্তাহ বিচারের পর ২০২২ সালে, সাটনকে সেকেন্ড ডিগ্রি মার্ডার, বিচার বাধাগ্রস্ত করার চক্রান্ত এবং বিচারে বাধাদানের অভিযোগে সর্বসম্মতভাবে দোষী সাব্যস্ত করে ফেডারেল জুরি। একই জুরি জাবাভস্কিকেও বিচারে বাধা দেওয়া চক্রান্ত করা এবং বিচার বাধাগ্রস্ত করার জন্য দোষী সাব্যস্ত করে।

প্রেসিডেন্ট ট্রাম্প দুইজনকেই নিঃশর্তে পূর্ণ ক্ষমা মঞ্জুর করেছেন। সোমবার ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত প্রায় ১৫০০ দাঙ্গাবাজকেও ক্ষমা করেন।