২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে চিন্তা বাড়াচ্ছে স্নায়ুরোগ জিবিএস, একজনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে এ পর্যন্ত গিলান বারে সিনড্রোমে মোট আক্রান্তের সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে।

ভারতে চিন্তা বাড়াচ্ছে স্নায়ুরোগ জিবিএস, একজনের মৃত্যু
ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 27 Jan 2025, 07:06 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

ভারতে চিন্তা বাড়াচ্ছে বিরল স্নায়ুরোগ গিলান বারে সিনড্রোম বা জিবিএস। ইতোমধ্যে মহারাষ্ট্রে প্রথম একজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। জিবিএস আক্রান্ত হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

রাজ্যটিতে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এ পর্যন্ত সেখানে এই রোগে মোট আক্রান্তের সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে। তাদের বেশির ভাগই রাজ্যের রাজধানী মুম্বাই থেকে ১৮০ কিলোমিটার দূরে পুনে শহরের কিংবা তার আশেপাশের বাসিন্দা।

এতে উদ্বেগে পড়েছেন প্রায় সবাই। তবে আতঙ্কিত না হয়ে উপসর্গ দেখলেই সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

গিলান বারে সিনড্রোম বা জিবিএস- এর ক্ষেত্রে মূলত ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন দেখা যায়, যা মারাত্মক প্রভাব ফেলে স্নায়ুতন্ত্রে। জিবিএস আক্রান্তদের ক্ষেত্রে ভুলবশত ইমিউন সিস্টেম আক্রমণ করে স্নায়ুতন্ত্রকে। মস্তিষ্ক এবং শিরদাঁড়ার বাইরে থাকা ভাল, স্বাস্থ্যকর স্নায়ুগুলোকে আক্রমণ করে ইমিউন সিস্টেম। 

প্রথমে দুর্বলতা দেখা দেয় শরীরে। পরবর্তীতে রোগীর পক্ষাঘাত এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। মহারাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, শোলপুর শহরে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া, ১৬ জন আক্রান্তকে আপাতত ভেন্টিলেটরে রাখা হয়েছে।

রোগের প্রাদুর্ভাব যেসব এলাকায় বেশি সে জায়গাগুলোতে দ্রুত পরিস্থিতি মোকাবিলায় একটি টিম পাঠানো হয়েছে। পুনের অবস্থা পর্যালোচনা করতে সরকার ৭ সদস্যের একটি টিম পাঠিয়েছে বলেও জানিয়েছেনস্বা স্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

হাঁটাচলায় সমস্যাই গিলান বারে সিনড্রোমের (জিবিএস) প্রধান উপসর্গ। পা দুর্বল লাগা থেকে ধীরে ধীরে শরীরের ঊর্ধ্বাঙ্গ অকেজো হতে শুরু করে।ধীরে ধীরে মুখ বেঁকে যেতে পারে, কথাও জড়িয়ে যেতে পারে।

গিলান বারে সিনড্রোম থেকে বাঁচতে যেসব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তা হল: ঘন ঘন হাত পরিষ্কার রাখা। রাস্তার কাটা ফল, সালাদ খাওয়া বন্ধ করা, রান্না করা খাবার খাওয়া। উপসর্গ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, আক্রান্ত হওয়ার পর লক্ষণ প্রকাশ পেতে কয়েকদিন বা কয়েকসপ্তাহ লেগে যেতে পারে এবং সাধারণত কয়েক সপ্তাহ এ রোগের প্রভাব থেকে যায়।