ইয়েমেন উপকূলে ৪৫ শরণার্থী বোঝাই নৌকাডুবি, বেঁচে মাত্র ৪ জন
অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ায় দমকা বাতাসে ইয়েমেনের তায়েজ উপকূলে নৌকাটি ডুবে যায়।
ইয়েমেনের তায়েজ উপকূলে অন্তত ৪৫ শরণার্থীবাহী একটি নৌকা ডুবে গেছে। নৌকাটির মাত্র ৪ জন জীবিত আছে।
ইয়েমেনের জাতিসংঘ শরণার্থী সংস্থা বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ায় দমকা হাওয়ায় বুধবার রাতে নৌকাটি ডুবে যায় বলে জানায় তারা।
বেঁচে ফেরাদের সুরক্ষা দেওয়া এবং সহায়তা করতে আন্তর্জাতিক অভিবাসন সংগঠনের (আইওএম) সঙ্গে কাজ চলছে বলেও জানিয়েছে সংস্থাটি। তবে বাকি শরণার্থীদের সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানায়নি।
গত জুনে ইয়েমেন উপকূলে ২৬০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে সোমালিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা ডুবে অন্তত ৪৯ জন নিহত ও ১৪০ জন নিখোঁজ হন।
অভিবাসন রুটে নিহত বা নিখোঁজ হওয়া অভিবাসনপ্রত্যাশীদের হিসাব রাখা ‘আইওএম’ এর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সাল থেকে পূর্ব আফ্রিকা ও হর্ন অব আফ্রিকা থেকে উপসাগরীয় দেশগুলোর রুট পাড়ি দেওয়ার পথে ১ হাজার ৮৬০ জন নিহত ও নিখোঁজ হয়েছে।
অন্যদিকে, জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত বছর হর্ন অব আফ্রিকা থেকে ৯৭ হাজার অভিবাসনপ্রত্যাশী ইয়েমেনে পৌঁছেছে।
