জ্বালানি সংকটে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাজ্য
তৃতীয় কোনও দেশে পরিশোধিত রুশ ডিজেল ও উড়োজাহাজের জ্বালানির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাজ্য।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণাালিতে অচলাবস্থার কারণে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ এবং লাগামছাড়া মূল্যবৃদ্ধির মুখে রাশিয়ার অপরিশোধিত তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাজ্য।
তবে সরাসরি রাশিয়া থেকে নয়, বিশেষ করে তৃতীয় কোনও দেশে পরিশোধিত রুশ ডিজেল ও উড়োজাহাজের জ্বালানির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।
রাশিয়ার তেল আমদানির এই অনুমোদন বুধবার থেকে কার্যকর করেছে যুক্তরাজ্য সরকার। তবে এটি শেষ হওয়ার মেয়াদ জানানো হয়নি। বলা হয়েছে, এটি পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে।
২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকেই মস্কোর অর্থনীতির ওপর চাপ তৈরি করতে রুশ তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো।
তবে ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকট এখন সেই অবস্থানকে নড়বড়ে করে দিচ্ছে। ইউক্রেইনকে সমর্থন দিয়ে আসা যুক্তরাজ্য বলছে, রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের এই পদক্ষেপ মানেই নিষেধাজ্ঞা মওকুফ করা নয়।
যুক্তরাজ্য জোর দিয়ে বলছে, সামগ্রিকভাবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোরই রয়েছে। কেবল জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে অস্থায়ী পদক্ষেপ হিসাবে তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। দেশের অর্থনীতির স্বার্থে কিছু ক্ষেত্রে এই নমনীয়তা প্রয়োজন।
ইউক্রেইনের নিষেধাজ্ঞা বিষয়ক কমিশনার ভ্লাদিস্লাভ ভ্লাসিউক বলেছেন, যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের পেছনের যুক্তিটা তিনি বোঝেন। তবে এই সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন।
সোশাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, “আমরা বিশেষ করে এই অস্থায়ী ছাড় নিয়ে উদ্বিগ্ন। কারণ, এই ছাড়ের কারণেও রাশিয়া তাদের যুদ্ধ চালানোর জন্য বাড়তি রাজস্ব পেতে পারে।”
ইউক্রেইনে যুদ্ধের কারণে যুক্তরাজ্য রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে তৃতীয় কোনও দেশে পরিশোধিত রুশ তেল আমদানি নিষিদ্ধ করেছিল গতবছর অক্টোবরে। এখন তা শিথিল করার মধ্য দিয়ে যুক্তরাজ্য আগের কঠোর অবস্থান থেকে সরে এল।
মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট থেকে জনগণকে সুরক্ষা দেওয়া এবং উড়োজাহাজের জ্বালানির ঘাটতি এড়াতে যুক্তরাজ্য সরকার এ পদক্ষেপ নিল। রুশ তেল আমদানির অনুমতি দিয়ে বুধবারেই সরকার একটি নতুন লাইসেন্স জারি করেছে।
এর ফলে আমদানিকারকরা ভারত থেকে উড়োজাহাজের জ্বালানি কিনতে পারবেন। নয়াদিল্লি এর আগে যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান উৎস ছিল। তুরস্কও রাশিয়ার প্রচুর তেল পরিশোধন করে।
