গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করতেই হানিয়াকে হত্যা: মাহমুদ আব্বাস
গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে যে আলোচনা চলছে, তাতে হামাস নেতা হত্যার ঘটনার নেতিবাচক প্রভাব পড়বে বলেও উল্লেখ করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট।
গাজায় চলমান যুদ্ধ দীর্ঘায়িত করতেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ-কে একথা বলেছেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
আরআইএ মঙ্গলবার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। তাতেই আব্বাস বলেছেন, “হানিয়া হত্যাকাণ্ডকে ইসরায়েলের খুবই কাপুরুষোচিত কর্মকাণ্ড এবং দেশটির রাজনীতিতে বিপজ্জনক পট পরিবর্তন বলেই তিনি মনে করেন।”
তিনি বলেন, “চলমান যুদ্ধ আরও দীর্ঘ করা এবং এর ব্যাপ্তি আরও বাড়ানোর উদ্দেশ্যেই হানিয়াকে হত্যা করা হয়েছে এটি সন্দেহাতীত।”
ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা নিয়ে যে আলোচনা চলছে তাতে হানিয়া হত্যার ঘটনার নেতিবাচক প্রভাব পড়বে বলেও উল্লেখ করেন আব্বাস।
আঞ্চলিক সংকট নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো যাচ্ছেন আব্বাস। ১২ থেকে ১৪ আগস্ট দীর্ঘপ্রতিক্ষীত এই সফর হবে বলে এক কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে আরআইএ।
গত সপ্তাহে তেহরানে এক হামলায় নিহত হন হামাস নেতা হানিয়া। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েল জানিয়েছিল তারা লেবাননের রাজধানী বৈরুতে হামলায় হিজবুল্লাহ নেতা ফুয়াদ শুকুরকে হত্যা করেছে। এই দুই ঘটনায় মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে।
হামাসকে সমর্থন করে আসছে ইরান। হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে এই ‘কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। যদিও হানিয়া হত্যার দায় ইসরায়েল এখনও স্বীকার করেনি।
