২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ রাষ্ট্রদূতকে তলব, রাশিয়াকে ‘হত্যা’ বন্ধ করতে বলল যুক্তরাজ্য

কিইভে রাশিয়ার হামলার পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রণালয় রুশ রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। একটি নতুন বিবৃতিতে রাশিয়াকে এই ‘অর্থহীন হত্যা’ বন্ধ করতে বলেছে মন্ত্রণালয়।

রুশ রাষ্ট্রদূতকে তলব, রাশিয়াকে ‘হত্যা’ বন্ধ করতে বলল যুক্তরাজ্য
কিইভে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ব্রিটিশ কাউন্সিল ভবন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2025, 11:51 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ইউক্রেইনের রাজধানী কিইভে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৪ শিশুসহ অন্তত ১৯ জন নিহত হওয়ার পর যুক্তরাজ্য সেদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রি কেলিনকে তলব করেছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রণালয় বৃহস্পতিবার বিকালে রুশ রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর পর একটি নতুন বিবৃতি দিয়েছে। কিইভে হামলা নিয়ে এতে বলা হয়, রাশিয়াকে এই ‘অর্থহীন হত্যা’ ও ধ্বংসযজ্ঞ অবিলম্বে বন্ধ করতে হবে।

বুধবার রাতভর কিইভে রাশিয়ার হামলায় মানুষ হতাহত হওয়া ছাড়াও ব্রিটিশ কাউন্সিলের কার্যালয় ও ইউরোপীয় ইউনিয়নের দপ্তরও ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেইনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে আলোচনার টেবিলের পরিবর্তে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেছে নেওয়ার অভিযোগ করেছেন। 

ওদিকে হোয়াইট হাউজ বলেছে, রাশিয়ার হামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির চেষ্টা হুমকির মুখে পড়েছে। 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রিুশ বাহিনী ইউক্রেইনের একটি যুদ্ধজাহাজ ছাড়াও কিইভজুড়ে বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হেনেছে। হামলায় আজারবাইজান দূতাবাস এবং তুর্কি এন্টারপ্রাইজও ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কিইভে রাশিয়ার হামলাকে ‘ভয়ানক হামলা’ আখ্যা দিয়েছেন। ব্রিটিশ কাউন্সিল এবং ইইউ মিশনের ক্ষয়ক্ষতির নিন্দা জানিয়েছেন তিনি।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রণালয় রুশ রাষ্ট্রদূত কেলিনকে স্পষ্ট করে বলে দিয়েছে যে, “এই সমস্ত কার্যকলাপ কেবল ইউক্রেইনের প্রতি যুক্তরাজ্য ও পশ্চিমাদের সমর্থনকেই আরও দৃঢ় করবে।”

কেবল যুক্তরাজ্যই নয়, ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) রাশিয়ার দূতকে তলব করে কিইভে হামলা নিয়ে আপত্তি জানিয়েছে।