২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতানিয়াহুকে পশ্চিম তীর অধিভুক্ত করতে ‘দেবেন না’ ট্রাম্প

গাজা নিয়ে একটি চুক্তিও ‘অতি সন্নিকটে’ বলে জানিয়েছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 09:47 AM

Updated : 26 Aug 2026, 02:22 PM

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে দখলকৃত পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে দেবেন না।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।

“আমি ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করতে দেবো না। এটা হবে না,” বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা নিয়ে একটি চুক্তিও ‘অতি সন্নিকটে’ বলে জানিয়েছেন তিনি। সোমবারই তার সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। 

গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং পশ্চিম তীরের দখল ছাড়তে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে। দিনকয়েক আগে প্রভাবশালী একাধিক পশ্চিমা দেশসহ ১০টি দেশ আলাদা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতিও দিয়েছে। অন্যদিকে কট্টরপন্থি ইসরায়েলিরা মনে করছে, পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে পারলেই আলাদা ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা ‘নাই হয়ে যাবে’।

নেতানিয়াহুর জোট সরকারে থাকা উগ্রজাতীয়তাবাদীরা বারবারই পুরো পশ্চিম তীরকে অধিভুক্ত করার দাবি জানিয়ে আসছে।

পশ্চিম তীর অধিভুক্ত করার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাজ্য ও জার্মানি। সোমবার জাতিসংঘে মহাসচিব আন্তোনিও গুতেরেসও বলেছেন, পশ্চিম তীর অধিভুক্তি হবে ‘নৈতিকভাবে, আইনিভাবে এবং রাজনৈতিকভাবে পুরোপুরি অগ্রহণযোগ্য’।

বৃহস্পতিবার ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের জানান, তার সঙ্গে নেতানিয়াহু ও মধ্যপ্রাচ্যের নেতাদের কথা হয়েছে।

“গাজা নিয়ে একটি চুক্তির অতি সন্নিকটে আমরা, হয়তো শান্তিও প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে,” বলেছেন তিনি।

একইদিন ভিডিও লিংকের সাহায্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য ফ্রান্স সোমবার যে শান্তি পরিকল্পনা হাজির করেছে তা বাস্তবায়নে বিশ্বনেতাদের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত।

৮৯ বছর বয়সী আব্বাস যুক্তরাষ্ট্রের বাধায় সশরীরে নিউ ইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে হাজির হয়ে ভাষণ দিতে পারেননি।

যেসব দেশ গত সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, আব্বাস তাদেরকে ধন্যবাদও জানিয়েছেন। এর মধ্যে রোববার কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালের স্বীকৃতি মেলে, পরে একই পথ অনুসরণ করে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, সান মারিনো, এন্ডোরা ও ডেনমার্ক।

যুক্তরাষ্ট্র এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে। এখন স্বীকৃতি দিলে তা ‘হামাসের জন্য পুরস্কারস্কা’ হবে বলেও ভাষ্য তাদের।

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে বিভিন্ন দেশের স্বীকৃতির পাশাপাশি ইউরোপিয়ান কমিশন এখন ইসরায়েলের সঙ্গে ব্যবসায় বিধিনিষেধ এবং তাদের কট্টরপন্থি মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবও এনেছে। প্রস্তাবটি গৃহীত হলে তা হবে গাজা যুদ্ধ নিয়ে এখন পর্যন্ত ইইউ-র সবচেয়ে কড়া প্রতিক্রিয়া।

দিনকয়েক আগে মাইক্রোসফটও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের কিছু সেবা বন্ধ করেছে। গাজার বাসিন্দাদের ওপর গণ-নজরদারি চালাতে ইসরায়েল মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করেছে, এক প্রতিবেদনে এমনটা বের হয়ে আসার পর তারা এ পদক্ষেপ নিয়েছে।

“শাসনকাঠামোতে হামাসের কোনো ভূমিকা থাকবে না,” জাতিসংঘে দেওয়া ভাষণে বলেছেন আব্বাস। ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর গাজা ভূখণ্ডকে ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরের সঙ্গে সংযুক্ত করে যে ফিলিস্তিনি রাষ্ট্র হবে তারাই গাজার ‘পূর্ণ দায়িত্ব’ নেবে বলেও আশ্বস্ত করেন তিনি।

এর আগে মঙ্গলবার ট্রাম্প জাতিসংঘে প্রভাবশালী আরব ও মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে আরব ও মুসলিম নেতারা পশ্চিম তীর সংযুক্ত করার লক্ষ্যে ইসরায়েলি পদক্ষেপে মারাত্মক প্রতিক্রিয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেন।

“পশ্চিম তীর সংযুক্তির বিপদ ও ঝুঁকিগুলো মার্কিন প্রেসিডেন্ট ভালোভাবেই বুঝেছেন বলে আমার মনে হয়,” সাংবাদিকদের বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

বুধবার সরালে ইসরায়েল পশ্চিম তীরের সঙ্গে থাকা প্রতিবেশী জর্ডানের একমাত্র সীমান্ত ক্রসিং বন্ধ করে ভূখণ্ডটির ২০ লাখের বেশি ফিলিস্তিনির সঙ্গে বাইরের বিশ্বের যোগাযোগ ছিন্ন করে দিয়েছে।

ওই ক্রসিংয়ের কাছে এক জর্ডানি বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি সামরিক বাহিনীর দুই সদস্য নিহত হওয়ার কয়েকদিন পর এ পদক্ষেপ নিল তারা। জর্ডানি ওই বন্দুকধারীও ঘটনাস্থলেই মারা পড়ে।