২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইটে পাশের আসনে মৃত যাত্রী, হাড়হিম অভিজ্ঞতা দম্পতির

অস্ট্রেলিয়ার এক দম্পতি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে চোখের সামনে লাশ নিয়ে ৪ ঘণ্টা ভ্রমণের আতঙ্কজনক অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

ফ্লাইটে পাশের আসনে মৃত যাত্রী, হাড়হিম অভিজ্ঞতা দম্পতির
কাতার এয়ারওয়েজ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2025, 09:33 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

অস্ট্রেলিয়ার এক দম্পতি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এক নারীর মৃত্যুর পর তার লাশ পাশের আসনে পুরো সময়জুড়ে রেখে দেওয়ার হাড়হিম করা অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

মিচেল রিং ও জেনিফার কলিন নামের এই দম্পতি অস্ট্রেলিয়ার চ্যানেল ৯ এ জানান, তারা ছুটি কাটাতে ভেনিস ভ্রমণে যাওয়ার পথে মেলবোর্ন থেকে দোহাগামী ফ্লাইটে ছিলেন। সে সময় এক নারী অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।

এরপর লাশটি সরিয়ে না ফেলে বরং তা পাশের আসনে রাখা হয়, যা ছিল এক আতঙ্কজনক অভিজ্ঞতা। ঘটনার বর্ণনায় মিচেল রিং বলেন, ওই নারী অসুস্থ হওয়ার পর কেবিন ক্রুরা দ্রুত ব্যবস্থা নিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তারা লাশটি বিজনেস ক্লাসে সরানোর চেষ্টা করলেও শারীরিক গঠনের কারণে তা সম্ভব হয়নি। এরপর তারা লাশটি কম্বলে ঢেকে মিচেল রিংয়ের পাশে রাখেন।  

আশেপাশে অনেক খালি আসন থাকার পরও রিংকে তার আসন থেকে উঠিয়ে পাশের আসনে বসানোর পর, তার খালি করা আসনটিতে লাশ রাখা হয়। কেবল জেনিফার কলিন অন্য একটি খালি আসনে চলে যেতে পেরেছিলেন।

কিন্তু মিচেল রিংকে অন্য কোনও আসনে বসার সুযোগ দেওয়া হয়নি। ফলে ৪ ঘণ্টার সেই ফ্লাইটে লাশের পাশে বসেই ভ্রমণ করতে হয় তাকে, যা মানসিকভাবে তার জন্য হয়ে ওঠে হৃদয়বিদারক।

ফ্লাইটটি দোহায় অবতরণের পরও মেডিকেল টিম ও পুলিশ বিমানে উঠে লাশ নামানোর আগ পর্যন্ত পুরো কেবিনের যাত্রীদেরকে নিজ নিজ আসনে বসে থাকতে বলা হয়েছিল।

জেনিফার কলিন এই অভিজ্ঞতাকে ‘ট্রমাটিক’ আখ্যা দিয়ে বলেন, এমন পরিস্থিতিতে যাত্রীদের দেখভালের জন্য এয়ারলাইন্সের সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। তিনি বলেন, “আমরা ওই নারীর মৃত্যুর জন্য বিমান সংস্থাকে দায়ী করছি না, কিন্তু যাত্রীদের প্রতি তাদের দায়িত্ববোধ থাকা জরুরি।

“আমাদেরকে অন্তত জিজ্ঞেস করা উচিত ছিল যে,আমরা মানসিকভাবে ঠিক আছি কিনা বা আমাদের কোনও সহায়তা কিংবা কাউন্সেলিং দরকার কিনা,” বলেন তিনি।

কাতার এয়ারওয়েজ এ ঘটনায় ক্ষমা চেয়ে এক বিবৃতিতে বলেছে, “প্রথমেই আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যাত্রীদের জন্য এমন ঘটনা মানসিকভাবে কষ্টকর ছিল, তা আমরা অনুধাবন করছি এবং সংস্থার নীতিমালার ভিত্তিতে তাদের সঙ্গে যোগাযোগ পক্রিয়া চলছে।”