এল সালভাদরে ট্রাম্পের পাঠানো ভেনেজুয়েলানরা নির্যাতনের শিকার: মানবাধিকার প্রতিবেদন
যুক্তরাষ্ট্র প্রশাসন ভেনেজুয়েলানদের জীবনের জন্য হুমকি এবং নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকির কথা পুরোপুরি জানার পরও গত মার্চ-এপ্রিলে তাদেরকে এল সালভাদরে পাঠায় বলে অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গণহারে অবৈধ অভিবাসী বিতাড়ন নীতির আওতায় এল সালভাদরে পাঠানো ২৫২ জনের বেশি ভেনেজুয়েলার নাগরিক বন্দি অবস্থায় নিয়মিতই গুরুতর শারিরীক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। তাদের ওপর যৌন নিপীড়নও চলেছে।
বুধবার মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ (এইচআরডব্লিউ) এবং মধ্য আমেরিকার মানবাধিকার সংস্থা ‘ক্রিস্টোসাল’ এর প্রকাশিত এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে এমন কথাই।
প্রতিবেদনে বলা হয়েছে, এল সালভাদরের সন্ত্রাসী আটক কেন্দ্র বন্দিদের সঙ্গে আচরণের নিয়মবিধি নিয়ে জাতিসংঘের নির্ধারিত ন্যূনতম মানদণ্ড লঙ্ঘন করেছে। বন্দিশিবিরে অমানবিক পরিবেশ, অপর্যাপ্ত খাবার ও অন্যান্য নানা ত্রুটিবিচ্যুতির কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে বলেছে, ট্রাম্প প্রশাসন ওই ভেনেজুয়েলানদের জীবনের জন্য হুমকি এবং নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকির কথা পুরোপুরি জানা থাকার পরও গত মার্চ ও এপ্রিলে তাদেরকে এল সালভাদরে পাঠানোর আদেশ দিয়েছে।
তারা যুক্তরাষ্ট্রের বিচারবিভাগের কাছে এর স্বাধীন তদন্তের দাবি তুলেছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসন যেন তৃতীয় দেশের নাগরিকদের এল সালভাদরে বিতাড়নের প্রক্রিয়া বন্ধ করে, সে আহ্বানও জানিয়েছে।
এইচআরডব্লিউ-র আমেরিকা অঞ্চলের পরিচালক জুয়ানিটা গোবের্টাস বলেছেন, “আমরা এই উপসংহারে পৌঁছেছি যে, ট্রাম্প প্রশাসন এল সালভাদরে পাঠানো ভেনেজুয়েলানদের উপর নিয়মিত নির্যাতন ও জোরপূর্বক গুমের সঙ্গে জড়িত।”
ভেনেজুয়েলার সন্দেহভাজন ত্রেন দে আগুয়ারা গ্যাং সদস্যদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে এই ভেনেজুয়েলানদেরকে এল সালভাদরে পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু মানবাধিকার সংস্থাগুলোর ১৮ পাতার প্রতিবেদনে বলা হয়েছে নির্যাতিত এই ভেনেজুয়েলানদের অনেকেই
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কর্তৃত্ববাদী শাসন থেকে বাঁচার জন্য আশ্রয়প্রার্থী এবং তাদের অর্ধেকেরই কোনও অপরাধমূলক রেকর্ড নেই। মাত্র ৩ শতাংশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোনও সহিংস অপরাধের দোষ প্রমাণিত হয়েছে।
এল সালভাদরে বন্দি অবস্থায় তাদের ওপর নিয়মিত মারধর এবং অন্যান্য শারীরিক নির্যাতন চালানো হয়েছে। কখনও কখনও যৌন সহিংসতা পর্যন্ত ঘটেছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় এসবই ‘নির্যাতন’।
বন্দিরা জানিয়েছে, এল সালভাদরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এবং কারাগারে থাকার সময় নিয়মিত তারা মারধরের শিকার হয়েছে। প্রতিবেদনে এক প্রাক্তন বন্দির বর্ণনা উল্লেখ আছে।
তিনি বলেছেন, কারাগারের পরিচালক নতুন বন্দিদের উদ্দেশ্যে বলেছিলেন, “তোমরা এখন নরকে এসে পড়েছ।” প্রায় ২০০ জন সাক্ষাৎকার এবং ফরেনসিক প্রমাণের ওপর ভিত্তি করে মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দিরা সবচেয়ে সাধারণ নিয়ম ভঙ্গ করলেও (জোরে কথা বলা, ভুল সময়ে গোসল করা বা চিকিৎসার জন্য অনুরোধ করা) পিটুনি খেয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ আছে, মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের কারাগার পরিদর্শনের পরও নির্যাতন চালানো হয়েছিল। তিনজন বন্দি যৌন নির্যাতনেরও শিকার হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সমাজে কলঙ্কিত হওয়ার আশঙ্কায় যৌন নির্যাতনের ঘটনা আরও ব্যাপক হলেও প্রকাশ করা হয়নি। বন্দিরা জুলাই মাসে মুক্তি পায়, যা মাদুরো সরকারের সঙ্গে ১০ জন আমেরিকান ও মার্কিন স্থায়ী বাসিন্দাদের মুক্তির বিনিময়ে সম্ভব হয়েছে।
মানবাধিকার সংস্থা ক্রিস্টোসালের নির্বাহী পরিচালক নোহা বুলক বলেছেন, ভেনেজুয়েলানদের ওপর এই আচরণ “এল সালভাদরের কারাগারে চলমান বৃহত্তর নিপীড়নের একটি অংশ।” গত তিন বছরে প্রায় ৯০,০০০ জন এল সালভাদরীয়কে নির্বিচারভাবে আটক, গুম এবং নিয়মিত নির্যাতন করা হয়েছে।
