২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি মুদ্রা লেনদেনে অনিয়মের অভিযোগে ভারতে বিবিসির বিরুদ্ধে মামলা

দুই সপ্তাহ আগে ভারতের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের (এফইএমএ)  অধীনে বিবিসির বিরুদ্ধে মামলাটি করা হয়।

বিদেশি মুদ্রা লেনদেনে অনিয়মের অভিযোগে ভারতে বিবিসির বিরুদ্ধে মামলা

ভারতের রাজধানী নয়া দিল্লির যে ভবনে বিবিসি ইন্ডিয়ার কার্যালয় তার সামনে একজন ক্যামেরাম্যানকে কাজ করতে দেখা যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 05:34 PM

Updated : 13 Apr 2023, 05:34 PM

বিদেশি মুদ্রা লেনদেনে অনিয়মের অভিযোগে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)  ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করেছে ভারতীয় আইনপ্রয়োগকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

দুই সপ্তাহ আগে ভারতের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের (এফইএমএ)  অধীনে মামলাটি করা হয় এবং এ পর্যন্ত যুক্তরাজ্যের সংবাদমাধ্যমটির ভারতীয় শাখার ছয় কর্মীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র।

যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের মধ্যে বিবিসি ইন্ডিয়ার পরিচালকদের মধ্যে একজন আছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তারা আরও জানান, বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে ইডি।  ইডির তদন্তকারীদের ধারণা, বিবিসিতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। এ সংক্রান্ত নথি চেয়ে পাঠানোর পাশাপাশি এফইএমএর বিধান অনুযায়ী বিনিয়োগকারী কয়েকটি  কোম্পানির নির্বাহীদের বক্তব্যও রেকর্ড করতে চেয়েছে ভারতের কেন্দ্রীয় সংস্থাটি।

এক কর্মকর্তা বলেন, “আজ তারা বিবিসির আরেকজন কর্মীকে সঙ্গে কিছু নথিপত্র নিয়ে যেতে বলেছে আর জিজ্ঞাসাবাদ এখনও চলছে।”

ফেব্রুয়ারির প্রথমদিকে ভারতীয় আয়কর অধিদপ্তর বিবিসির দিল্লি ও মুম্বাইয়ের কার্যালয়ে ধারাবাহিক অভিযান চালিয়েছিল। অধিদপ্তরের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, আয়কর সংক্রান্ত বিভিন্ন অনিয়মের সন্ধান পেয়ে বিবিসি কার্যালয়ে ‘সমীক্ষা’ চালাতে গিয়েছিলেন তারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে সেখানে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূমিকা নিয়ে বিবিসি ১৭ জানুয়ারি দুই পর্বের তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’ সম্প্রচার করেছিল। এই তথ্যচিত্র নিয়ে আপত্তি তোলে মোদী সরকার এবং ২০ জানুয়ারি তথ্যচিত্রটির প্রথম পর্ব ভারতে নিষিদ্ধ করে। মোদীর চরিত্রে কালিমা লেপন করতেই উদ্দেশ্যমূলকভাবে তথ্যচিত্রটি বানানো হয়েছে বলে অভিযোগ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের।  

তথ্যচিত্রটিকে কেন্দ্র করে ভারতে অভ্যন্তরীণ রাজনীতিও উত্তপ্ত হয়। ভারতজুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে তথ্যচিত্রটি। তথ্যচিত্রটি বিতর্কিত কাহিনী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বানানো ‘অপপ্রচার’ বলে অ্যাখ্যা দেয় ভারত সরকার।

ফলে তথ্যচিত্রটি কেবল যুক্তরাজ্যের টিভিতে সম্প্রচারিত হলেও ভারত সরকার স্যোশাল মিডিয়ায় এর শেয়ার ঠেকানোর চেষ্টা করেছে। সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্যচিত্রটি তুলে নেওয়ার নির্দেশ দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। টুইটার, ইউটিউবকেও এ সংক্রান্ত সব টুইট এবং ভিডিও মুছে ফেলতে বলা হয়।

এ নিয়ে ভারতে তোলপাড় শুরু হয়। বিরোধীরা বিভিন্ন জায়গায় সরকারি নির্দেশ উপেক্ষা করে তথ্যচিত্রটি প্রদর্শনের ব্যবস্থা করে। ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের চত্বরে তথ্যচিত্রটি দেখায়। তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। গতমাসে দিল্লি পুলিশ তথ্যচিত্র দেখতে জড়ো হওয়া ছাত্রদেরকে গ্রেপ্তারও করে।

এরপর ফেব্রুয়ারির প্রথমদিকে দেশটির আয়কর দপ্তর বিবিসির কার্যালয়ে কথিত ‘সমীক্ষা’ চালালে এর সময়কাল নিয়ে প্রশ্ন উঠে। তথ্যচিত্র সম্প্রচারের প্রতিশোধ নিতেই বিবিসি দপ্তরে আয়কর কর্মকর্তারা হানা, এমন অভিযোগ ওঠে। আর এবার বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে বিবিসির বিরুদ্ধে মামলা দিয়ে তদন্তে শুরু করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় আইনপ্রয়োগকারী সংস্থা ইডি। 

আরও খবর:

পুরনো খবর:

ভারতে বিবিসি’র কার্যালয়ে তল্লাশি: পরীক্ষা করা হল কর্মীদের মোবাইল, ল্যাপটপ