আমি প্রেসিডেন্ট থাকাকালে চীন তাইওয়ানে হানা দেবে না, বলেছেন শি: ট্রাম্প
আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে চীন তাইওয়ানে আক্রমণ করবে না বলে শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন।
ইউক্রেইনের যুদ্ধ নিয়ে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“আমি আপনাদের বলি, প্রায় একই রকম অবস্থা চীনের প্রেসিডেন্ট শি ও তাইওয়ানের মধ্যে। তবে যতক্ষণ আমি এখানে (প্রেসিডেন্ট) আছি, ততক্ষণ তেমন কিছু হবে বলে আমার মনে হয় না। দেখা যাক,” ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট’-কে এমনটাই বলেন মার্কিন প্রেসিডেন্ট।
“তিনি বলেছেন, ‘আমি এটা কখনোই করবো না যতক্ষণ আপনি প্রেসিডেন্ট’, প্রেসিডেন্ট শি এটা আমাকে বলেছেন। আমি বলেছি, ‘আমি একে স্বাগত জানাচ্ছি’। কিন্তু তিনি আরও বলেছেন, ‘আমি খুবই ধৈর্যশীল, চীন খুবই ধৈর্যশীল’,” বলেছেন ট্রাম্প।
দ্বিতীয় মেয়াদে ট্রাম্প হোয়াইট হাউজে ঢোকার পর জুনেই চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার আনুষ্ঠানিক ফোনালাপের ব্যাপারে প্রথম জানা যায়।
মার্কিন প্রেসিডেন্ট এর আগে এপ্রিলেও একবার শি তাকে ফোন করেছে বলে জানিয়েছিলেন, তবে ওই ফোনালাপ কখন হয়েছে তা খোলাসা করেননি তিনি।
চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ মনে করে। স্বশাসিত, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় পরিচালিত দ্বীপটিকে একীভূত করতে প্রয়োজনে ‘বল প্রয়োগের’ সম্ভাবনাও উড়িয়ে দেয়নি তারা।
তাইওয়ান অবশ্য নিজেদেরকে ‘স্বতন্ত্র দেশ’ বলেই দাবি করে আসছে।
শুক্রবার ওয়াশিংটনে অবস্থিত চীন দূতাবাস ফের তাইওয়ান প্রসঙ্গকে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ক্ষেত্রে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়’ আখ্যা দিয়েছে।
“যুক্তরাষ্ট্রের সরকারের উচিত এক চীন নীতি ও যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে হওয়া তিনটি যৌথ ঘোষণা মেনে চলা, তাইওয়ান সংক্রান্ত বিষয়গুলো সাবধানতার সঙ্গে দেখভাল করা এবং আন্তরিকভাবে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও তাইওয়ান উপকূলজুড়ে শান্তি, স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখা,” এক বিবৃতিতে এমনটাই বলেছেন দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গিউ।
ওয়াশিংটন তাইওয়ানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী ও আন্তর্জাতিক মিত্র হলেও বিশ্বের সিংহভাগ দেশের মতো তাদেরও স্বশাসিত দ্বীপটির সঙ্গে আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।
