২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা যুদ্ধবিরতি নিয়ে বাইডেন-নেতানিয়াহু ফোনালাপ

প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং শিন বেট নিরাপত্তা কর্মকর্তাদের শীর্ষ একটি প্রতিনিধিদল দোহা বৈঠকে পাঠানোর পরদিনই এ ফোনালাপ হয়েছে।

গাজা যুদ্ধবিরতি নিয়ে বাইডেন-নেতানিয়াহু ফোনালাপ
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2025, 08:56 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির পথে গতিসঞ্চার হওয়ায় যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের শেষ সময়ে তার সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

চুক্তির বিষয়ে ইসরায়েল এবং হামাসের অগ্রগতি হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির মূল বিষয়গুলো নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি, সিরিয়ায় বাশার আল- আসাদ সরকারের পতন এবং অঞ্চলটিতে ইরানের প্রভাব দুর্বল হওয়ার পর ‘মৌলিকভাবে পরিবর্তিত আঞ্চলিক পরিস্থিতি’ নিয়ে বাইডেন আলোচনা করেছেন।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি ‘জিম্মি মুক্তির বিষয় এগিয়ে নেওয়ার জন্য’ দোহায় ঊধ্র্বতন আলোচকদের যে নির্দেশনা দিয়েছিলেন, সে সম্পর্কে বাইডেনকে অবহিত করেছেন।

রোববার দুই নেতার মধ্যে ফোনে এই আলাপ হয়। অক্টোবরের পর থেকে এই প্রথম বিষয়টি প্রকাশ্যে এল। ফোনালাপে চুক্তির আওতায় লড়াই বন্ধের মধ্য দিয়ে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং জিম্মিদের ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বাইডেন।

দোহায় কাতার, যুক্তরাষ্ট্র এবং মিশরীয় কর্মকর্তাদের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনায় নেতানিয়াহু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং শিন বেট নিরাপত্তা কর্মকর্তাদের শীর্ষ একটি প্রতিনিধিদল পাঠানোর পরদিনই বাইডেনের সঙ্গে তার এই ফোনালাপ হল।

ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, নেতানিয়াহু তার মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তির বিরোধীতাকারী সদস্যদের পদত্যাগ না করার ব্যাপারে রাজি করানোর চেষ্টা করছেন।

ওদিকে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করতে জেরুজালেমে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।

শনিবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারির শপথ নেওয়ার আগে তার মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।