শুল্ক ছাড়া যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তি খুব দ্রুতই হতে পারে: ট্রাম্প
হোয়াইট হাউজে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প একটি বাস্তব বাণিজ্য চুক্তি করার পরিকল্পনার কথা বলেন।
যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে ‘খুব দ্রুত’ একটি বাণিজ্য চুক্তি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প একটি ‘বাস্তব বাণিজ্য চুক্তি’ করার চিন্তা-ভাবনার কথা বলেন।
যে চুক্তির ফলে যুক্তরাজ্য শুল্ক এড়াতে পারবে, যেমন শুল্ক যুক্তরাষ্ট্রের অন্যান্য বাণিজ্য অংশীদারদের ওপর আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প বারবারই তার অনেক মিত্রদেশের পণ্যের ওপর আমদানি কর এবং আমদানি শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন। এর মধ্যে আছে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তৈরি ২৫ শতাংশ পণ্যও।
ট্রাম্প এমনকি যুক্তরাষ্ট্রে ঢোকা সব স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন। যার মধ্যে পড়ে যুক্তরাজ্যও।
হোয়াইট হাউজে বৈঠকের পর ট্রাম্পকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে, যুক্তরাজ্যের বিরুদ্ধে শুল্ক আরোপ থেকে তাকে বিরত রাখার চেষ্টা করেছিলেন কিনা স্টারমার। জবাবে ট্রাম্প বলেন, “তিনি (স্টারমার) চেষ্টা করেছিলেন।তিনি কঠোর পরিশ্রম করছিলেন, এটা আমি বলতে পারি।”
ওদিকে, যুক্তরাজ্যের বিরুদ্ধে শুল্ক আরোপ ঠেকাতে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টায় স্টারমার যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাণিজ্য সম্পর্ককে ‘সুষ্ঠূ, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক’ বলে অভিহিত করেছেন।
ট্রাম্পের সঙ্গে স্টারমারের এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছিল। কারণ ইউক্রেইন ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তকে প্রভাবিত করাই ছিল স্টারমারের বৈঠকের লক্ষ্য।
শুরুতেই ট্রাম্পকে যুক্তরাজ্যে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়ে রাজা চার্লসের একটি চিঠি উপহার দেন স্টারমার। চিঠিটি গ্রহণ করে ট্রাম্প একে ‘দারুণ সম্মান’ বলে অভিহিত করেন এবং ‘চমৎকার দেশটি’ ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেন।
বৈঠক শেষে ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন ট্রাম্প ও স্টারমার। সেখানেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তির সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, এটি ‘খুব দ্রুতই’ করা হতে পারে।
