২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ড্রোনে পশ্চিমা যন্ত্রাংশ, পাচার করছে চীন: এস্তোনিয়া

চোরাচালান করা পশ্চিমা যন্ত্রাংশ দিয়ে রাশিয়াকে সামরিক ড্রোন তৈরিতে সহায়তা করছে চীন- বলা হয়েছে এস্তোনিয়ার গোয়েন্দা প্রতিবেদনে।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 12 Feb 2025, 09:34 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

চোরাচালান করা গুরুত্বপূর্ণ সব পশ্চিমা যন্ত্রাংশ দিয়ে রাশিয়াকে সামরিক ড্রোন তৈরিতে সহায়তা করছে চীন। এস্তোনিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার বার্ষিক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বুধবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় যাওয়া এ ধরনের প্রায় ৮০ শতাংশ যন্ত্রাংশই এখন আসছে চীন থেকে। 

এর আগে ইউক্রেইনের কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধক্ষেত্রে উদ্ধার পাওয়া রুশ অস্ত্রে মোটামুটি ৬০ শতাংশ বিদেশি যন্ত্রাংশ পাওয়া গেছে, যেগুলো এসেছে চীন হয়ে।

এস্তোনিয়ার গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ায় উচ্চ প্রযুক্তি এবং দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণ আমদানির প্রাথমিক কেন্দ্র হয়ে উঠেছে চীন। 

এক ভিডিও কলে এস্তোনিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক কাউপো রোসিন বলেন, এখানে চীনের স্বার্থ হল ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার হার ঠেকানো। কারণ, যুদ্ধে রাশিয়ার হার মানেই চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের জয়।

এস্তোনিয়ার রাজধানী তালিনে অবস্থিত চীনা দূতাবাসে এস্তোনিয়ার গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়াকে দেশের নিরাপত্তার বড় ধরনের ঝুঁকি হিসেবেই দেখে পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য দেশ এস্তোনিয়া। সেকারণে দেশটি রাশিয়ার সামরিক সক্ষমতার ওপর গভীরভাবে নজর রাখে। 

বিশেষত ২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এস্তোনিয়া এ বিষয়ে আরও সতর্ক হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাল্টিক প্রতিবেশী দেশ লাটভিয়া ও লিথুয়ানিয়ার মতো এস্তোনিয়াও দখল করে নিয়েছিল রাশিয়া। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর তারা স্বাধীনতা পায়।

এস্তোনিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নিজেদের ড্রোন তৈরির যন্ত্রাংশের কোনও বিকল্প নেই। সেকারণে এগুলো মূলত পশ্চিমা দেশগুলো থেকেই তাদেরকে জোগাড় করতে হয়।

চীন সরকার বেসরকারি কোম্পানিগুলোর মাধ্যমে দ্বৈত ব্যবহারযোগ্য যন্ত্রাংশ গোপনে রাশিয়ায় পাচার এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সহজ করে তুলছে, বলা হয় প্রতিবেদনে।