Published : 01 Jul 2026, 07:14 PM
সীমান্ত অস্থিরতা ও কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ওপর জোর দিচ্ছে চীন, যার প্রকাশ ঘটেছে দেশটির দুই কর্মকর্তার সাম্প্রতিক বক্তব্যে।
চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক খবরে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেন।
এর আগে গত ২৬ জুন ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক নিবন্ধে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেন কলকাতায় নিযুক্ত চীনের কনসাল জেনারেল জু উই।
গ্লোবাল টাইমসের খবরে বলা হয়, মঙ্গলবার চীন ও ভারতের সংবাদমাধ্যমের সহযোগিতা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন গুয়ো জিয়াকুন। তিনি বলেন, “চীন সবসময়ই সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারে প্রস্তুত; যার মধ্যে সংবাদমাধ্যমগুলোর সহযোগিতাও অন্তর্ভুক্ত।”
সম্প্রতি বেইজিংয়ের ভারতের দূতাবাস চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সির কর্মীদের সঙ্গে বৈঠক করে। সেখানে ভারতে থাকা চীনা সাংবাদিকদের বিষয়সহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়।
সংবাদ সম্মেলনে এমন খবরের বিষয়ে চীন সরকার আরো কোনো তথ্য জানে কিনা প্রশ্ন করা হয় মুখপাত্রকে। তবে গুয়ো এ বিষয়ে কিছু জানেন না বলে তথ্য দেন।
এর আগে গত ২৬ জুন প্রকাশিত নিবন্ধে কলকাতায় চীনের কনসাল জেনারেল জু উই বলেন, “বর্তমান বিশ্ব এক অশান্ত ও জটিল সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। আধিপত্যবাদ এবং সংরক্ষণবাদ বিশ্বজুড়ে শান্তি, উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের ঘাটতিকে আরও বাড়িয়ে তুলছে।
“বিশ্বে ১৪০ কোটির বেশি জনসংখ্যার দুই দেশ হিসেবে ভারত-চীনের মধ্যকার সম্পর্কের জটিলতা অবশ্যই অতুলনায় আসা উচিৎ। কারণ বর্তমান বিশ্বে ক্ষমতার ভরকেন্দ্র এশিয়ার দিকে স্থানান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে, এই দুই দেশের সম্পর্ক এখন আর কেবল দ্বিপক্ষীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই।
“বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দুই দেশের যৌথ অবদান ৪০ শতাংশের বেশি, যা আমাদের বৈশ্বিক সমস্যা সমাধানের অন্যতম প্রধান কারিগর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এখন চীন ও ভারত হাতে হাত মিলিয়ে কাজ করলে প্রাচ্যের এই দুই প্রাচীন পীঠস্থানকে বিশ্বের একটি অন্যতম স্থিতিশীল শক্তিতে রূপান্তর করা সম্ভব।”
জু উই তার নিবন্ধে দুই দেশের মধ্যে নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, চীনের ‘গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ’-জিসিআই বা বৈশ্বিক সভ্যতা উদ্যোগসহ নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।
এ শতাব্দীকে এশিয়ার করতে চাই ভারত-চীন সহযোগিতা: চীনা কূটনীতিক