২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার্লি কার্ক হত্যা: গোপন চিরকুটে স্বীকারোক্তি দিয়েছে অভিযুক্ত, বলছেন কৌঁসুলিরা

হত্যাকাণ্ডে অভিযুক্ত টাইলার রবিনসন তার রুমমেটের কাছে এক বার্তায় হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দিয়ে রেখেছিলেন বলে আদালতে জানিয়েছেন কৌঁসুলিরা।

চার্লি কার্ক হত্যা: গোপন চিরকুটে স্বীকারোক্তি দিয়েছে অভিযুক্ত, বলছেন কৌঁসুলিরা
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 03:24 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র, ডানপন্থি রাজনৈতিক কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় নতুন তথ্য সামনে এনেছেন কৌঁসুলিরা।

তারা বলছেন, হত্যাকাণ্ডে অভিযুক্ত টাইলার রবিনসন তার রুমমেটের কাছে এক বার্তায় হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দিয়ে রেখেছিলেন। রবিনসনের বিরুদ্ধে ৭ টি অভিযোগ তোলার সময় কৌঁসুলিরা একথা বলেন।

ইউটাহ কাউন্টির অ্যাটর্নি জেফ্রি গ্রে জানান, রবিনসন (২২) তার কিবোর্ডের নিচে রুমমেটের জন্য গোপনে একটি চিরকুট রেখে দিয়েছিলেন। তাতে লেখা ছিল, “কার্ককে সরানোর সুযোগ পেয়েছি, আর তাই আমি সেই সুযোগ নিচ্ছি।’ 

রবিনসনের রুমমেট তার রোম্যান্টিক সঙ্গী বলেও জানান গ্রে। দুইজনের মধ্যকার কিছু টেক্সট মেসেজও শেয়ার করেছেন তিনি। তার মধ্যে একটি টেক্সটে লেখা ছিল, অত্যন্ত ঘৃণা থেকেই কার্ককে গুলি করে মারার সিদ্ধান্ত নিয়েছিলেন রবিনসন।

যুক্তরাষ্ট্রের ইউটায় এক বিশ্ববিদ্যালয়ে একটি স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল চার্লি কার্ককে। গুলি চালানোর পরে ছাদ থেকে লাফিয়ে পড়ে হত্যাকারী পালিয়েছিলেন। এফবিআই এর প্রকাশিত সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল এমনটাই।

হত্যাকাণ্ডের দুইদিন পর ধরা পড়ে সন্দেহভাজন খুনি, যার নাম বলা হচ্ছে টাইলার রবিনসন। তাকে জামিন ছাড়া ইউটা কাউন্টি জেলের বিশেষ হাউজিং ইউনিটে রাখা হয়েছে। মঙ্গলবার তাকে প্রথম আদালতে হাজির করা হয়। এ সময় কৌসুলিরা তার বিরুদ্ধে ৭ টি অভিযোগ পড়ে শোনান।

এসব অভিযোগের মধ্যে আছে- হত্যার পরিকল্পনা করা, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা, বিচার প্রক্রিয়া ব্যাহত করা, সাক্ষীদের প্রভাবিত করা ও শিশুদের উপস্থিতিতে সহিংস অপরাধ ঘটানো।

কৌসুঁলি গ্রে জানিয়েছেন, তারা রবিনসনের মৃত্যুদণ্ডের জন্য আবেদন করবেন। তবে তিনি এও বলেন যে, আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনের চোখে নির্দোষ।

হত্যাকাণ্ডের পর ৩৩ ঘন্টা খোঁজাখুঁজি করে গত সপ্তাহে রবিনসনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ধরা পড়ার পর রবিনসন আদালতে কোনও আবেদন করেননি কিংবা পুলিশের কাছে স্বীকারোক্তিও দেননি।

কৌসুলি গ্রে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রবিনসনের বিরুদ্ধে কিছু প্রমাণ উপস্থাপন করেছেন। তার মধ্যে আছে, চিরকুটে অভিযুক্তের স্বীকারোক্তি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রাইফেলের ট্রিগারে পাওয়া ডিএনএ।

অভিযুক্তের রুমমেট একজন ট্রান্সজেন্ডার নারী। তিনি পুলিশি তদন্তে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। এই রুমমেটের কাছে লেখা চিরকুটের প্রসঙ্গে কৌসুলি গ্রে সাংবাদিকদের বলেন, রবিনসন তার রুমমেটকে একটি টেক্সট বার্তায় লিখেছিলেন, ‘তুমি তোমার কাজ রেখে আমার কীবোর্ডের নিচে তাকাও।’ 

এরপর তার রুমমেট সেখানে কার্ককে হত্যায় রবিনসনের স্বীকারোক্তির চিরকুট পান। তখন বিস্ময়ে রুমমেট লিখেছিলেন, “কি? তুমি কৌতুক করছ তাই না?”

হত্যাকাণ্ডের বিষয়ে রুমমেটকে আরও একাধিক টেক্সট বার্তায় রবিনসন বলেছিলেন, কার্কের প্রতি ঘৃণা আর তার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। সেকারণেই কার্ককে মারা।

আরেক টেক্সট মেসেজে রবিনসন তার রুমমেটকে লিখেছিলেন, “সত্য বলতে, আমি চেয়েছিলাম এই গোপন কথা মৃত্যু পর্যন্ত নিজের মধ্যে রাখতে। কিন্তু তোমাকে জড়িয়ে ফেলেছি বলে দুঃখিত।”

এতে রুমমেট অবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘তুমি তো এটা করোনি, তাই না?’ জবাবে রবিনসন উত্তর দেন, ‘আমি-ই করেছি। দুঃখিত।’

রবিনসনের বাবা-মা যে ছেলের ওপর সন্দেহ করেছিলেন এবং কিভাবে তাদের সন্দেহ হল সে সম্পর্কেও বিস্তারিত জানিয়েছেন কৌসুলি গ্রে। বলেছেন, রবিনসনের মা হত্যাকাণ্ডের পর প্রকাশিত সন্দেহভাজনের একটি ভিডিওতে ছেলের মতো চেহারা দেখে স্বামীকে জানান। 

এরপর বাবা ফোন করে রবিনসনকে প্রশ্ন করলে তিনি প্রথমে অস্বীকার করেন। কিন্তু পরে চাপ বাড়তে থাকলে আত্মহত্যা করার ইঙ্গিত দেন। তবে শেষ পর্যন্ত পারিবারিক বন্ধু সাবেক ডেপুটি শেরিফের সহায়তায় বাবা-মা ছেলেকে পুলিশের কাছে আত্মসমর্পণে রাজি করান। 

এরপরই গ্রেপ্তার করা হয় রবিনসনকে। তার বাবা বলেছেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি একসময় তার বাবা অর্থাৎ, রবিনসনের দাদার কাছে যে অস্ত্র ছিল সেটির সঙ্গে মিলে যায়। হত্যাকাণ্ডের পর অভিযুক্তের বাবা ছেলের কাছে রাইফেলের ছবি চাইলে রবিনসন কোনো উত্তর দেননি বলে জানান গ্রে।

রবিনসনের মা তদন্তকারীদেরকে বলেছেন, ছেলে সম্প্রতি রাজনৈতিকভাবে অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছিল। তাছাড়া, রবিনসন সমকামী ও ট্রান্সজেন্ডার অধিকারেরও অনেক বেশি সমর্থক হয়ে উঠেছিলেন এবয় এক ট্রান্সজেন্ডার নারীর সঙ্গে সম্পর্কেও ছিলেন।

চার্লি কার্ক হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগে দিয়ে ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ট্রান্সজেন্ডারদের (রূপান্তরকামী) সংঘটিত ম্যাস শ্যুটিং বা বন্দুক সহিংসতার বিষয়ে এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বলে জানিয়েছে বিবিসি।